বুশান থেকে ফিরে

বুশান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের একসময় নাম ছিল পুশান ফিল্ম ফেস্টিভ্যাল। সময়ের স্রোতে আগের নামটি হারিয়ে গেছে। বুশান শহরটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বন্দরনগর এবং ওই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। শুধু বন্দরনগর হিসেবে বুশান এখন আর পরিচিত নয়, এ শহর সে দেশের সংস্কৃতির পীঠস্থান। কেউ কেউ কোরিয়ার ‘সাংস্কৃতিক রাজধানী’ বলে থাকেন।
১৭ বছর ধরে বুশানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়ে যাচ্ছে এবং এ উৎসবকে এখন চিহ্নিত করা হচ্ছে দুনিয়ার সেরা পাঁচটি উৎসবের একটি আর এশিয়ার সবচেয়ে বড় আয়োজন।
উৎসবে উপস্থিত হয়ে আক্ষরিকভাবে সেটাই উপলব্ধি হলো।
এবার গিয়ে আমার আরও যেটা মনে হয়েছে, একটি চলচ্চিত্র উৎসবকে ঘিরে কোনো শহর, কোনো দেশ যে এভাবে মেতে উঠতে পারে, তা সুযোগ থাকলে সবারই একবার দেখা উচিত। না দেখা পর্যন্ত পুরোপুরি বিশ্বাস করা সম্ভব নয়।
এবারের উৎসবে বাংলাদেশের অংশ নেওয়ার কথায় আসি। এ উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর ছবি দেখানো হয়েছে। উৎসব কমিটিতে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। কিন্তু ‘প্রতিযোগিতা বিভাগ’-এ এত বড় ফেস্টিভ্যালে এবারই প্রথম বাংলাদেশ জায়গা পেল। একদম নতুন এক পরিচালকের ছবি। আবু শাহেদ ইমনের জালালের গল্প। ছবিটি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে মূল প্রতিযোগিতায়।
বিমানবন্দর থেকে নেমে সারা শহরের রাস্তা দিয়ে যেতে যেতে দেখছিলাম, পূর্ণ প্রতিযোগিতার ১২টি ছবির হোর্ডিং-ব্যানার-পোস্টারে চারপাশ ঝলমল করছে। উৎসবের মূল হোটেল ছিল হোটেল গ্র্যান্ড। হোটেলের উল্টো পাশে প্রায় আকাশসমান উচ্চতায় সাজানো বিলবোর্ড। সেখানেও ১২টি ছবির ডিসপ্লে। ওই ডিসপ্লেতে চোখ আটকে গেল বাঙালি হিসেবে। কারণ, ১২টি বিলবোর্ডের একটিতে বাংলায় লেখা সবকিছু। স্তব্ধতা নিয়ে তাকিয়ে থাকলাম কয়েক মুহূর্ত। একটু নিয়ন্ত্রণ করলাম নিজেকে। মনে হচ্ছিল, আবেগে চোখ ভিজে আসছে! সমুদ্র হোটেলের উল্টো পাশে বিলবোর্ডে বাংলা অক্ষরে লেখা: জালালের গল্প। বুশান উৎসবে হাজির হওয়ার একমুহূর্ত আগেও বুঝিনি আমার জন্য এত বড় বিস্ময় আর আনন্দ অপেক্ষা করছে।
তারপর যে কয় দিন ফেস্টিভ্যালের নানা ভেন্যুতে অংশ নিয়েছি, সর্বস্থানে বাংলায় লেখা এ ছবির নামটি জ্বলজ্বল করেছে।
ফেস্টিভ্যালে শুধু ছবিটির বিলবোর্ড আর পোস্টারই শোভা পায়নি, গুরুত্বপূর্ণ চার-চারটি প্রদর্শনীও হয়েছে। প্রতিবারই দর্শকভর্তি হল। প্রচার হয়ে গিয়েছিল, ছবিটি অসাধারণ! তাই দর্শক গিজগিজ করেছে প্রতিটি হলে।
৪ নম্বর প্রদর্শনীতে অসংখ্য কোরিয়ান দর্শকের মধ্যে আবিষ্কার করলাম বাংলাদেশের অভিনেতা তৌকীর আহমেদকে। ছবির শেষে তাঁর সঙ্গে দুদণ্ড দাঁড়িয়ে যে কথা বলব, তার তেমন সুযোগ ঘটল না। প্রচুর দর্শক আমাদের দেশের এ অভিনেতাকে ঘিরে দাঁড়িয়ে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। চোখমুখে তাঁদের যারপরনাই মুগ্ধতা।
বিচারকদের মধ্যে ছিলেন গতবারের অস্কার পাওয়া ইরানি পরিচালক মহসেন মাকমালবাফ। দেখা হলো তাঁর সঙ্গে। কথা হলো ইরানের আরেক বিখ্যাত নায়িকা মোতামেদারিয়ার সঙ্গে। সবার প্রশংসার চোখ ঘুরছিল বাংলাদেশের প্রতিনিধিদের দিকে।
উৎসবে মারাঠি ছবির একজন অভিনেতার দিকে তাকিয়ে চোখ থেমে গেল। দেখে মনে হচ্ছিল, ওনাকে আমি নিশ্চয়ই অন্য কোনো আয়োজনে দেখেছি। মনে করার একটু চেষ্টা করতেই বুঝে গেলাম, তাঁকে দেখেছি লাইফ অব পাই ছবিতে। ছবির নায়কের বাবার ভূমিকায় ছিলেন তিনি।
উৎসবে আসা মারাঠি ছবিটির মূল ভূমিকায় এখানেও তিনি। আড্ডার ফাঁকে জানালেন, তাঁর ছবিটি যেন দেখি। জানালেন, ভাষা মারাঠি হলেও ছবিটি দেখে বুঝতে অসুবিধা হবে না বিশেষ। কারণ, সংলাপ পুরো ছবিতে বড় অল্প!
তথ্যটা অভিনেতা ভদ্রলোক আমাকে দিলেন পরিষ্কার বাংলায়। আমার চোখ দুটি তখন ছানাবড়া! বিস্মিত গলায় প্রশ্ন করলাম, ‘আপনি বাংলা বলছেন কীভাবে? আপনি বাঙালি?’ হাসলেন তিনি। বললেন, ‘হ্যাঁ, আমি খাঁটি বাঙালি। আমার নাম আদিল হোসেন। ময়মনসিংহের মানুষ আমি। এমনকি আমাদের এ মারাঠি ছবির পরিচালকও একজন বাঙালি।’
বিস্ময়ের ঘোর কাটার আগেই তারা দুজন এটাও জানালেন, জালালের গল্প ছবিটি দেখে তাঁদের খুব ভালো লেগেছে। পুরস্কার পাবে কি পাবে না, তাঁরা বলতে পারবেন না। তবে প্রতিযোগিতায় ১২টি ছবিতে সুযোগ পাওয়াই বলে দিচ্ছে, ছবিটি দারুণ! এক কথায় দুর্দান্ত!
সেরা পুরস্কার পায়নি ইমনের প্রথম ছবি। তবে সেটা আমাদের জন্য অখুশির কিছু ছিল না। মোটেও কেউ আমরা অবাক হইনি। ‘রেড কার্পেট সংবর্ধনা’য় বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছে; তাও আবার পৃথিবীর সেরা পাঁচ উৎসবের একটিতে! ক্ষুদ্রভাবে বিষয়টি দেখার সুযোগ নেই। সুযোগ আছে গর্ব করার!
ফেরার আগে রাতে হোটেল লবিতে জুরিবোর্ডের সদস্যদের সঙ্গে গল্প হচ্ছিল। গল্প হচ্ছিল জুরিবোর্ডের প্রধান আজগর ফারাদির সঙ্গে। আন্তরিকভাবে বললেন, ‘ফরমাল ডায়লগ বলছি না, তোমাদের ছবিটা বেশ ভালো হয়েছে। ছবির শেষাংশটা যদি একটু দীর্ঘ না হতো, তবে কে জানে, হয়তো বড় কিছু খবর নিয়ে দেশে ফিরতে পারতে! আবার একটু সম্পাদনা করে নানা উৎসবে পাঠানোর ব্যবস্থা করো। গল্প ও অভিনয়ে এ ছবির তুলনা হয় না।’
তুমুল আলোচিত এ ছবি উৎসবে আমাদের বাংলাদেশকে যেভাবে আলোকিত করল, সেই উপহার নিয়েই আমরা উড়োজাহাজে উঠলাম।
ভবিষ্যতে এভাবেই আমাদের বাংলাদেশ কখনো না কখনো এগিয়ে গিয়ে সম্মানিত হবে।
আশাবাদী এ কারণেই হচ্ছি: সবাই জানেন, একটা বড় চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা ক্যাটাগরিতে কোনো ছবির সুযোগ ঘটাই হচ্ছে, বড় পুরস্কার পাওয়া! এ পুরস্কার দেশের অহংকার!