বুসান উৎসবে 'ডুব' দেখে
বিশ্বের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ডুব বা নো বেড অব রোজেস। বুশান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখেছেন বাংলাদেশের কয়েকজন নির্মাতা। ছবিটি সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া জানালেন তাঁদের কয়েকজন।

অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা
ছবিটি ভালো লেগেছে। খুবই ম্যাচিউড সিনেমা। অনেক সংবেদনশীলতা নিয়ে চরিত্রগুলোকে নির্মাণ করা হয়েছে। সেটা আমার ভালো লেগেছে। ছবিটি উৎসবের দর্শকদেরও খুব ভালো লেগেছে। বাংলাদেশ থেকে বুশান চলচ্চিত্র উৎসবে যেহেতু একমাত্র ছবি ছিল ডুব, তাই সবাই খুব আগ্রহ নিয়ে দেখেছে।

রেদওয়ান রনি, চলচ্চিত্র নির্মাতা
‘আহারে জীবন, আহা জীবন’-এ অনুভূতি নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বের হয়েছি। এটাই আমার প্রতিক্রিয়া। সময় অসময়ে ডুব ছবির গানটি শুনছি। এটি একটি দার্শনিকতাপূর্ণ ছবি। জীবনের নানা বোধ এখানে একত্র করা হয়েছে। একই তথ্য জীবনের এক এক স্তরে একেকভাবে সত্য ও মিথ্যে হয়ে যায়।

আবু শাহেদ ইমন, চলচ্চিত্র নির্মাতা
প্রচণ্ড আত্মবিশ্বাসী ক্যামেরা আর ধীর নির্দেশনায় ফারুকী ভাইয়ের এই কাজটি তাঁর আগের সব কাজকে ছাড়িয়ে গেছে। অবাক চোখে দেখলাম ছবিটাতে নতুন ঢঙের গল্প বলেছেন তিনি। শান্ত এ গল্পের পরতে পরতে আছে সুপ্ত এক আগ্নেয়গিরি। তবে অগ্নুৎপাতের বদলে দেখিয়েছেন চরিত্রগুলোর অসহায়ত্ব। দর্শক মনে লুকিয়ে থাকা নৈতিকতা ও অনৈতিক বোধগুলোই যেন একজন ভিলেন।

আদনান আল রাজীব, বিজ্ঞাপন নির্মাতা
ছবিটি দেখার পর আমার কোনো প্রতিক্রিয়া ছিল না। কয়েক জন মানুষের দার্শনিক ভ্রমণ দেখেছি ছবিটিতে। এতে মানুষের গল্প বলা হয়েছে। এক এক জন মানুষের জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে এ ছবি।