বুসান চলচ্চিত্র উৎসবের হোঁচট খাওয়া যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার অপেক্ষাকৃত কম পরিচিত বুসান শহরটি একসময় হয়ে ওঠে এশিয়ার চলচ্চিত্রের অন্যতম প্রাণকেন্দ্র। ছবি: সংগৃহীত
দক্ষিণ কোরিয়ার অপেক্ষাকৃত কম পরিচিত বুসান শহরটি একসময় হয়ে ওঠে এশিয়ার চলচ্চিত্রের অন্যতম প্রাণকেন্দ্র। ছবি: সংগৃহীত

বুসান চলচ্চিত্র উৎসব এশিয়ার প্রধান একটি চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত। দক্ষিণ কোরিয়ার শহর পুসান, কোরীয় ভাষায় এ শহরের নামের উচ্চারণ বুসান।

দুই দশক ধরে নিয়মিতভাবে আয়োজিত এই বার্ষিক চলচ্চিত্র উৎসব কেবল ছায়াছবি প্রদর্শনের মধ্যে সীমিত থাকেনি। একই সঙ্গে এশিয়ার অন্যান্য দেশে চলচ্চিত্র নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে এশিয়ার চলচ্চিত্রশিল্পের অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বুসান চলচ্চিত্র উৎসব। আর সে রকম ধারাবাহিকতার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার অপেক্ষাকৃত কম পরিচিত শহরটি একসময় হয়ে ওঠে এশিয়ার চলচ্চিত্রের অন্যতম প্রাণকেন্দ্র।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজনের সঙ্গে বিশাল অঙ্কের ব্যয়ভার জড়িত থাকায় সরকারি পৃষ্ঠপোষকতা অনেক ক্ষেত্রেই আবশ্যকীয় হয়ে দেখা দেয়। বুসানের বেলাতেও সরকারের আর্থিক সহায়তা নিয়মিত এক আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছিল। তবে অনেক ক্ষেত্রেই যেমন দেখা যায়, আর্থিক অনুদানের সঙ্গে কিছু বাধ্যবাধকতা এবং কিছু শর্তাবলি পরোক্ষে হলেও যুক্ত থাকে। বুসানের বেলাতেও এর ব্যতিক্রম ছিল না, যদিও কয়েক বছর আগে পর্যন্ত সে রকম শর্তাবলি ছিল অনেকটাই শিথিল। সরকার ও উৎসবের আয়োজক—উভয় পক্ষই সেটাকে যৌক্তিক হিসেবে মেনে নিয়েছিল।

তবে ২০১৪ সালের ১৯তম উৎসবে আয়োজকেরা দক্ষিণ কোরিয়ায় ফেরি দুর্ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের প্রাণহানির ঘটনার ওপর নির্মিত একটি ছবি দেখানোর উদ্যোগ নিলে বুসানের মেয়র অসন্তুষ্টি প্রকাশ করেন এবং ছবিটি তুলে নেওয়ার দাবি জানান। সেই প্রামাণ্য ছবিতে দুর্ঘটনা এবং দুর্ঘটনা-পরবর্তী ত্রাণকাজে গাফিলতির জন্য দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক কুনের প্রশাসনকে দায়ী করা হলে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত মেয়রের তা পছন্দ হয়নি। সে রকম অবস্থায় প্রথমবারের মতো একদিকে বুসানের মেয়র ও পদাধিকারবলে উৎসবের চেয়ারম্যান এবং অন্যদিকে উৎসব কমিটি—এই দুই পক্ষ সরাসরি বিতর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়। বুসান চলচ্চিত্র উৎসবের দুই দশকের অর্জিত সম্মান ও সাফল্য এর মধ্য দিয়ে অনেকটাই ম্লান হয়ে পড়ে। মেয়রের দাবি ও হুমকি সত্ত্বেও চলচ্চিত্র উৎসবের তৎকালীন পরিচালক লি ইয়ং কোয়ান ছবিটি উৎসবে দেখিয়েছিলেন। ফলে উৎসব কমিটির সেই আচরণে ক্ষুব্ধ মেয়র পরবর্তী সময়ে পরিচালককে তাঁর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য করেন। এতে দুই পক্ষের মধ্যে চলা বিরোধ আরও জটিল আকার ধারণ করে এবং চলচ্চিত্র উৎসবের ভবিষ্যৎ নিয়েও একসময় সংশয় দেখা দেয়।

সরকারের সরাসরি হস্তক্ষেপে বিরক্ত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র নির্মাতাদের বিভিন্ন সমিতি পরবর্তীকালে ঘোষণা করে, সমস্যার গ্রহণযোগ্য সমাধান না হলে বুসান চলচ্চিত্র উৎসব তারা বর্জন করবে। তাদের সেই অবস্থানের সঙ্গে আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসব কমিটিও সহানুভূতি প্রকাশ করে। তাতে বুসানের ভবিষ্যৎ সম্ভাবনাও একসময় অনিশ্চিত হয়ে পড়ে। সে অবস্থায় উৎসবের নিয়মাবলি-সংক্রান্ত গঠনতন্ত্র সংশোধনের দাবি উঠলে সমঝোতা খুঁজে পাওয়ার আশায় সেই দাবি সরকারকে শেষ পর্যন্ত মেনে নিতে হয়।

প্রায় বছর খানেক ধরে আলাপ-আলোচনার পর উৎসবের গঠনতন্ত্রের কয়েকটি ধারায় যেসব সংশোধনী আনা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে পদাধিকারবলে বুসানের মেয়রের আসীন হওয়ার নিয়ম তুলে নেওয়া। জুলাই মাসে চলচ্চিত্র উৎসবের সাধারণ পরিষদ সংশোধিত বিধি অনুমোদন করলে বুসানের মেয়রকে উৎসবের চেয়ারম্যানের পদ ছেড়ে দিতে হয়। সে রকম সমঝোতার মধ্য দিয়ে আগামী মাসের ৬ তারিখ থেকে যাত্রা শুরু করতে যাওয়া ২১তম উৎসবের সামনে দেখা দেওয়া বড় একটি বাধা দূর করে নেওয়া আয়জকদের পক্ষে সম্ভব হয়। তবে তারপরও বলতে হয়, প্রায় বছর দুয়েক ধরে চলা টানাপোড়েন আর সংঘাতের শেষে বুসান তার কিছুটা হলেও হারিয়ে ফেলা মর্যাদার আসন আবারও ফিরে পেতে সক্ষম হবে কি না, এবারের উৎসবের আয়োজন কতটা সফল হয় তার ওপর সেটা অনেকাংশে নির্ভর করবে।