বুসানে 'জালালের গল্প'

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নিউ কারেন্টস’ বিভাগে প্রতিযোগিতা করবে বাংলাদেশের চলচ্চিত্র জালালের গল্প। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা কেরছেন আবু শাহেদ ইমন।
এ বছর এই প্রতিযোগিতায় ১০টি দেশের ১২টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। বাংলাদেশ ছাড়া প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, লেবানন, জাপান, চীন, ইরান, তাইওয়ান, ভারত ও ইরাকের ছবি। এই বিভাগে জুরিবোর্ডের প্রধান হিসেবে আছেন অস্কারজয়ী ইরানি চলচ্চিত্র-নির্মাতা আসগর ফারহাদি।
প্রথম ও দ্বিতীয়বার যাঁরা চলচ্চিত্র নির্মাণ করছেন, শুধু সেই চলচ্চিত্র-নির্মাতারাই অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায়।
আগামী ২ থেকে ১১ অক্টোবর বুসানে অনুষ্ঠিত হবে এই উৎসব। জালালের গল্প এরই মধ্যে নির্মাণ-পরবর্তী কাজের জন্য ‘এশিয়ান সিনেমা ফান্ড’ অনুদান পেয়েছে। এখন ছবিটির নির্মাণ-পরবর্তী কাজ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়।
ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, নূরে আলম, মিতালি দাশসহ আরও অনেকে। ছবির নাম-ভূমিকায় অভিনয় করেছেন মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।