বুসান-এ বিচারক ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে বিচারক হওয়ার আমন্ত্রণ পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের ২১তম আসরে দুটি বিভাগের বিচারক হবেন তিনি। একটি সেরা এশীয় স্বল্পদৈর্ঘ্য ও অন্যটি কোরিয়ার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
গত শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে ফারুকী প্রথম আলোকে বলেন, ‘এর আগে বুসান উৎসবে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন ও পিঁপড়াবিদ্যা ছবিগুলো প্রদর্শিত হয়েছে। সেই উৎসবেই আমাকে অফিশিয়াল জুরি হিসেবে আমন্ত্রণ জানানোটা আমার জন্য আবেগঘন ব্যাপার। দ্বিতীয়ত, কোথাও বিচারক হলে বিচিত্র সব কাজ দেখার সুযোগ হয়। এতে আমি নিজেকেও সমৃদ্ধ করতে পারছি।’
এই উৎসবে বিচারক হিসেবে আরও থাকবেন মিউনিখ উৎসবের প্রোগ্রামার বার্নহার্ড কার্ল ও কোরিয়ান চলচ্চিত্র সমালোচক নাম দা ইউন। এক্সটারনাল জুরি হিসেবে থাকবেন বাংলাদেশের গোলাম রাব্বানী।