বুড়োই হতে চান ডিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য আদার ওম্যান ছবিটি আজ মুক্তি পাবে
দ্য আদার ওম্যান ছবিটি আজ মুক্তি পাবে

বয়সের ঘড়িটা বড্ড বেয়াড়া। টিকটিক টিকটিক করে চলছে তো চলছেই। এই ঘড়ির ব্যাটারি খুলেও লাভ হবে না কিচ্ছু। ঘড়ি চলবেই। ইশ্, সময়টাকে যদি আটকে রাখা যেত! তারুণ্যের আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। বুড়িয়ে যাওয়ার ভয় কে না পায়!
ক্যামেরন ডিয়াজ পান না। ৪১ পেরিয়ে এসেছেন। যে বয়সের অঙ্কটা হলিউড-বাসিনীদের জন্য আঁতকে ওঠার মতো। যতই বলা হোক না কেন লাইফ বিগিনস আফটার ফরটি; যে জগৎটা গ্ল্যামারের, যে জগৎটা নারীর সৌন্দর্যকে পণ্য করে বিকোনোর; সেই হলিউডে ‘আফটার ফরটি’ ক্যারিয়ার আয়ুর শুরু হলেও সেটা শেষের শুরু।
তবে ডিয়াজের বক্তব্য অন্য রকম, ‘এটাকেই মনে হচ্ছে আমার জীবনের সেরা সময়। আমি এই বয়সটা উপভোগ করছি।’ এখানেই থামেননি। যোগ করলেন, ‘আরও বুড়ো হতে আমার তর সইছে না।’
নিজের এই দর্শন নিয়ে একটা আস্ত বইও লিখে ফেলেছেন। করপোরেট বেনিয়ার যুগে কানের কাছে সব সময় ফুসমন্তর চলবে, অমুক ক্রিমটা মাখো, তমুক জিনিসটা ব্যবহার করো। দ্য বডি বুক নামের সেই বইয়ে ডিয়াজ নারীদের উৎসাহিত করেছেন, নারীরা যে যে রকম, সেটা নিয়েই যেন তৃপ্ত থাকেন।
দৃষ্টিভঙ্গি—এই একচোখা দৈত্যটাকেই বদলাতে হবে। হলিউডের প্রথম শ্রেণীর নায়িকারা বুড়িয়ে যেতে ভয় পান এই দৃষ্টিভঙ্গির কারণেই। কারণ, বেশির ভাগ সময়ই হলিউডের পর্দায় নারীকে উপস্থাপন করা হয়েছে আবেদনময়ী হিসেবে। ডিয়াজ বলেছেন, ‘এই জিনিসটা অবশ্যই পাল্টাতে হবে।’
ডিয়াজের মুখে এই কথা অনেকের কানেই বেখাপ্পা শোনাতে পারে। মাত্র ১৬ বছর বয়সে ফ্যাশন জগতে পা রেখেছেন। ১৭ বছর বয়সেই ফ্যাশন সাময়িকীর প্রচ্ছদকন্যা হওয়া, অভিনয়ের কোনো পূর্ব-অভিজ্ঞতা বা প্রশিক্ষণ না থাকার পরও ২১ বছর বয়সেই বহুল আলোচিত ও ব্যবসাসফল ছবি দ্য মাস্ক-এ সুযোগ পেয়ে যাওয়া। সবই তো জুটেছিল অল্প বয়সেই আবেদনময়ীর তকমা পেয়ে যাওয়ার সুবাদে।
কিন্তু এটাও ভীষণভাবে সত্যি, ডিয়াজ শুধু বার্বি পুতুল হয়ে থাকতে চাননি। চাননি বলেই মাস্ক-এর অবিশ্বাস্য সাফল্যের পরও পা ফেলেছেন মেপে। এরপর টানা তিন বছর ছবি করেছেন বিকল্পধারার—দ্য লাস্ট সাপার, ফিলিং মিনেসোটা, শি ইজ দ্য ওয়ান, হেড অ্যাবাভ ওয়াটার।
অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করলেও মাথা বিগড়ে যায়নি তাঁর। শৈশবে যে স্কুলে পড়েছেন, সেই স্কুলের সহপাঠিনীদের অকাল গর্ভধারণ বা গর্ভপাত দেখেছেন। স্কুল থেকে ঝরে পড়তে দেখেছেন অনেককেই। জেল খাটতে দেখেছেন। মাদকের ছোবলে সর্বনাশ হতে দেখেছেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ডিয়াজ সেই অনুশাসনের লক্ষ্মণ রেখার বাইরে নিজেকে কখনোই বের হতে দেননি।
হলিউডের সেরা তারকাদের একজন। খুব স্বাভাবিকভাবেই দেদার টাকা কামিয়েছেন। এখনো কামান বৈকি। হলিউডের ৪০ পেরোনো তারকাদের মধ্যে তাঁর আয়ই সবচেয়ে বেশি। কিন্তু আর দশজন তারকার মতো বিলাসী জীবন যাপন করেন না। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি সেই পরিবারে বেড়ে উঠেছি, যারা ক্যানের বোতল জমিয়ে রাখত, একসঙ্গে অনেকগুলো বোতল জমা হলে ফেরত দিয়ে কুড়ি ডলার মিলত। কুড়ি ডলার মানে অনেক কিছু।’
হলিউডের একটুতে পা হড়কানোর পিচ্ছিল পথেও পা ফেলেছেন মেপে মেপে। আর তাই নাইট অ্যান্ড ডে, ব্যাড টিচার-এর মতো বাণিজ্যিক ছবি যেমন করেছেন, তেমনি করেছেন বিয়িং জন মালকোভিচ, ভ্যানিলা স্কাই, গ্যাংস অব নিউইয়র্কও।
আজ (২৫ এপ্রিল) মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি দ্য আদার ওম্যান। রোমান্টিক-কমেডি ধাঁচের এই ছবিতেও তিনি নারীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। ছবির গল্পে দেখা যাবে আইনজীবী কার্লি (ডিয়াজ) একদিন হুট করে আবিষ্কার করে, তার প্রেমিক মার্ক আসলে বিবাহিত। মানসিকভাবে বিধ্বস্ত কার্লি মার্কের স্ত্রীকে শত্রু না বানিয়ে তাকে বন্ধু করে নেয়। দুজনকেই তো প্রতারণা করেছে মার্ক। এরই মধ্যে জানা যায়, মার্ক প্রেমের অভিনয় করছে অ্যাম্বার নামের আরেক তরুণীর সঙ্গেও। এই তিন নারী মিলে মার্কের ওপর প্রতিশোধ নেয়। মধুর প্রতিশোধ। মার্কের পানীয়র জায়গায় জোলাপ রেখে দেয়, শ্যাম্পুর জায়গায় হেয়ার রিমুভার ক্রিম!
এ কি ডিয়াজের নিজের জীবনের গল্প? ৪০ পেরিয়ে গেলেও এখনো তাই বিয়ের পিঁড়িতেও বসেননি। তবে তাঁকে আইবুড়ি বলে খেপিয়ে ছাঁদনাতলাতেও ঠেলে দিতে পারবেন না। বয়স জিনিসটাকেই যে গুরুত্ব দেন না তিনি। বরং মিষ্টি হেসে বলেন, ‘আরও বুড়ো হতে আমার তর সইছে না!’
 রাজীব হাসান
গার্ডিয়ান অবলম্বনে