বৃত্তি ও নাট্য মঞ্চায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যচক্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের কৃতী নাট্য শিক্ষার্থীদের আবারও বৃত্তি দিচ্ছে। তবে দলটি এবার আরও একটি স্মৃতি বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। তা প্রয়াত জিয়া হায়দারের স্মরণে। বৃত্তি দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্রছাত্রীদের দিয়ে নাটকও মঞ্চায়িত হবে। নাট্যচক্র প্রবর্তিত স্মৃতি বৃত্তি ও তিন দিনের নাট্য আয়োজন শিল্পকলা একাডেমী মঞ্চে আজ শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় থাকছে মুজিবুর রহমান শান্ত স্মৃতি বৃত্তি। এটি দেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীকে। এরপর থাকছে একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় নাটক অল মাই সন্স। কাল নাট্যচক্রের নিজস্ব প্রযোজনা আলোচিত ভদ্দরনোক নাটকটি মঞ্চস্থ হবে। এর আগে জিয়া হায়দার স্মৃতিপদক দেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এ আয়োজনের শেষ দিন ৬ মার্চ সার্জেন্ট আহাদ পারভেজ স্মৃতি বৃত্তি দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে। এদিন মঞ্চস্থ হবে একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় জোসনায় স্বপ্ন গল্প নাটকটি। স্মৃতি বৃত্তি ও নাটক মঞ্চায়ন প্রসঙ্গে নাট্যচক্রের সভাপতি নাট্যজন ম. হামিদ বলেন, এই বৃত্তি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অকালপ্রয়াতদের স্মরণ রাখা এবং শিক্ষার্থীদের সঙ্গে নাটকের যোগসূত্র ও পেশাদার নাট্যকর্মীদর সঙ্গে শিক্ষার্থীদের একটা মেলবন্ধন তৈরি করা।’