বৃত্তে ভিডিও আর্ট প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃত্ত আর্ট স্পেস চতুর্থবারের মতো আয়োজন করেছে ভিডিও আর্ট প্রদর্শনী ‘পিক্সেলেশন’। এ দফায় নয়জন শিল্পী অংশ নিয়েছেন। গতকাল শুক্রবার শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হবে আজ শনিবার।
একবিংশ শতাব্দীর প্রথম দিকে শিল্পকলার জগতে নিউ মিডিয়া আর্টের প্রবেশ। এ সময় প্রযুক্তিও হয়ে ওঠে সৃজনশীল শিল্পকলার মাধ্যম। ভিডিও আর্ট তেমনই একটি শিল্পকলা, যেখানে ভিডিওতে শিল্পী তাঁর ভাবনা প্রকাশ করেন।
‘পিক্সেলেশন ফোর’-এ অংশ নিয়েছেন শিল্পী মুনেম ওয়াসিফ, আমজাদ আকাশ, ইফফাত রিজওয়ানা, ইমরান সোহেল, মাহবুবা ইয়াসমিন, মো. বদিউজ্জামান, সানজিদ মাহমুদ, শিরিন আখতার ও শুভ সাহা।
মুনেম ওয়াসিফ তাঁর ‘ইন দিস বিউটিফুল মনটোনাস সিটি’তে দেখান ঢাকা শহরের সঙ্গে তাঁর অভিজ্ঞতা, যেগুলো ১২ বছর ধরে জমেছে। পুরান ঢাকার শ্রীশ দাশ লেনের বাড়ির স্যাঁতসেঁতে কক্ষ, সকালের নাশতার জন্য ডিম পোচ, টিভির ভেতর থেকে ভেসে আসা কোলাহল—এসবই তাঁর ‘ঢাকা’র টুকরো টুকরো গল্প। আবার ইফফাত রিজওয়ানার ‘টাইটান অব টাইম’-এ কথা বলে দুটি পা! শিল্পী বলেন, ‘মানুষের সমস্ত শরীরই কথা বলে’। এখানে তিনি দেখাতে চেয়েছেন কীভাবে দুটো পা বলে দেয় মানুষের হাসি, কান্না, প্রেম, আনন্দ, একাকিত্ব, ক্ষোভ, হতাশার মতো অনুভূতিগুলো।
এ রকম পাশাপাশি মোট নয়টি ভিডিও আর্ট। কোনোটি প্রজেক্টরে চলছে, কোনোটি আবার টিভি স্ক্রিনে। প্রায় প্রতিটির পাশে একটি করে হেডফোন, কানে দিলে দর্শক তাতে শুনতে পাবেন সংশ্লিষ্ট শব্দ। আজ দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্রিন রোডে বৃত্ত আর্ট স্পেসে দর্শক দেখে আসতে পারেন এ প্রদর্শনী।