বৃদ্ধাশ্রম নিয়ে সাবিনার গান
ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানে গত কয়েক বছর বিষয়ভিত্তিক গান গাওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারও একটি বিষয়ভিত্তিক গান রাখা হয়েছে। এবারের বিষয় ‘বৃদ্ধাশ্রম’। একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের সমাজে প্রবীণেরা বৃদ্ধাশ্রমে যেভাবে সময় কাটান, সেটাই গানটিতে তুলে ধরা হয়েছে। সম্প্রতি গাজীপুরের বৃদ্ধাশ্রম এবং ইনডোর মিলে গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা ও আলী আকবর রুপুর সুরে গানটির কথা হলো—‘মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে, স্নেহ-মমতায় স্মৃতি-শ্রদ্ধায় জড়িয়ে পরস্পর, তবু কেন মানুষে পরস্পরে স্বার্থে এত হানাহানি, এই তো নিয়ম জানি।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।গানটি সম্পর্কে সাবিনা ইয়াসমিন বলেন, ‘এত দিন অনেক গান করলেও বৃদ্ধাশ্রম নিয়ে গান গাইনি। এই প্রথম বৃদ্ধাশ্রম নিয়ে গান করলাম। আর সেটা হলো ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির স্রষ্টা হানিফ সংকেতের কল্যাণে। গানটির জন্য সংকেতের কাছে কৃতজ্ঞ, এ ধরনের একটি গানে সুযোগ দেওয়ার জন্য।’ইত্যাদিতে বৃদ্ধাশ্রম নিয়ে এই গান ছাড়াও এবার ঈদে সুরের কথামালা নামে একটি একক গানের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে থাকবে সাবিনা ইয়াসমিনের বিভিন্ন জনপ্রিয় গানের পাশাপাশি রবীন্দ্রসংগীতও আছে। অনুষ্ঠানটিতে আড্ডা আর গল্পে গল্পে সাবিনা ইয়াসমিন তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলো শোনাবেন। অনুষ্ঠানের ফাঁকে তাঁকে নিয়ে কথা বলবেন মিডিয়ার বেশ কয়েকজন গুণী ব্যক্তি। তাঁদের মধ্যে আছেন সোহেল রানা, সুবর্ণা মুস্তাফা, গাজী মাজহারুল আনোয়ার, রমলা সাহা এবং সুরকার রবিন ঘোষ। একপর্যায়ে সাবিনার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেবেন চলচ্চিত্র অভিনেত্রী ও সাংসদ কবরী। তিনিও প্রখ্যাত এই কণ্ঠশিল্পীকে নিয়ে তাঁর ভালোলাগার অনেক কথা বলবেন।