গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চ্যানেল আই সেরা কণ্ঠের চূড়ান্ত পর্বের জমকালো অনুষ্ঠানে কনিয়া-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২ হয়েছেন চট্টগ্রামের বৃষ্টি মুৎসুদ্দি। প্রথম রানারআপ হয়েছেন যৌথভাবে শাহিন খান ও মণীষ সরকার এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন অন্যা আক্তার।পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ, তিন লাখ ও দুই লাখ টাকা। এ ছাড়া এএসটি বেভারেজ লিমিটেড-চ্যানেল আইয়ের পক্ষ থেকে উপহার, ইমপ্রেস অডিও ভিশনের সুযোগ-সুবিধা এবং চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন বিজয়ীরা।অনুষ্ঠানের শুরুতে প্রজ্বালিত মোমবাতি নিয়ে মঞ্চে আসেন শিল্পীরা। মঞ্চে চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। তাদের সঙ্গে পাঁচটি নাচের দল।শুরু হয় কনিয়া-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২-এর জমজমাট অনুষ্ঠান। গান হলো ‘ধনধান্য পুষ্পভরা’, ‘সংকোচের ও বিহ্বলতা’ ইত্যাদি। চ্যানেল আই সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের গানের পর উপস্থাপিকা কোনাল বিচারকদের আহ্বান জানান মঞ্চে আসন নিতে। প্রতিযোগিতার প্রধান তিন বিচারক সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ বসেন বিচারকের আসনে।এরপর মুক্তা বাউলের নেতৃত্বে ঢোল, হারমোনিয়াম, বাঁশি, একতারা, দোতারার সুরে মঞ্চে গান করে সেরা কণ্ঠ ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। তাদের মনোমুগ্ধকর পরিবেশনার পর মঞ্চে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর গানের সঙ্গে ইমন ও কুসুম সিকদার নৃত্য পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ।এরপর সেরা ১০ প্রতিযোগী শাহীন, সোহান, মেহেদী, বাপ্পি, নীড়, বিপুল, অন্যা, মুনা, বৃষ্টি ও বন্যা পরিবেশন করেন ১০টি জনপ্রিয় গান। তাঁদের পরিবেশনার পর মঞ্চে আসেন মেহের আফরোজ শাওন ও ক্ষুদে গানরাজের শিল্পীরা। শাওনের কণ্ঠে ছিল ‘যদি মন কাঁদে ফিরে এসো’ গানটি। এরপর ফেরদৌস আরার কণ্ঠে নজরুলসংগীত। মঞ্চে আসেন গত তিন বছরের সেরা কণ্ঠ ঝিলিক, কোনাল ও মুগ্ধ। তাঁদের সঙ্গে এ বছরের শীর্ষ ১০ প্রতিযোগী। তাঁদের কণ্ঠে ছিল জাগরণ, দ্রোহ ও বিদ্রোহের গান। এরপর ঘোষণা করা হয় কনিয়া-চ্যানেল আই সেরা কণ্ঠ বিজয়ীদের নাম।উদীচীর যশোর হত্যাকাণ্ড দিবস পালনযশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামালায় হত্যাকাণ্ডের ১৪তম বার্ষিকী পালন করল উদীচী। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে অস্থায়ী বেদিতে যশোর হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোক প্রজ্বালন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতকে নিষিদ্ধের দাবি তোলা হয়। ১৯৯৯ সালের ৬ মার্চ যশোর টাউন হল মাঠে আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনে মৌলবাদী গোষ্ঠীর বোমা হামলায় নিহত হন ১০ জন শিল্পী-কর্মী। আহত হন প্রায় দেড় শতাধিক। হামলার শিকার এসব সংস্কৃতিকর্মী এখন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে জীবন যাপন করছেন। অনুষ্ঠানের শুরুতে পুষ্পার্ঘ অর্পণের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ধর্মভিত্তিক রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আর তাই উদীচীর ওপরই নেমে এসেছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বোমা হামলা। মাহমুদ সেলিম, রতন সিদ্দিকী, হাবিবুল আলম, প্রবীর সরদার, জামসেদ আনোয়ার, অমিত রঞ্জন দেসহ উদীচীর সর্বস্তরের নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্বালন। সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান গতকাল বুধবার তেজগাঁওয়ের চ্যানেল আই স্টুডিওতে কবি, সাহিত্যিক, লেখক, প্রকাশকদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সিটি-আনন্দ আলো সাহিত্য পুুরস্কার ২০১৩ প্রদান করা হলো। এই পুরস্কারের এটি ছিল ষষ্ঠ আয়োজন। দুপুরে এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিটিব্যাংক এনএর পরিচালক ও সিটি বাংলাদেশ কান্ট্রি ট্রেজারার ও মার্কেটসের প্রধান সাজেদুল ইসলাম। এবার ক শাখায় প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী রাষ্ট্রতন্ত্রে সমাজদ্রোহিতা, কবিতায় মুহম্মদ নূরুল হুদা যত দূর বাংলা ভাষা তত দূর এই বাংলাদেশ, উপন্যাসে বরেন চক্রবর্তী দূরবর্তিনী, শিশুসাহিত্যে আমীরুল ইসলাম কোনালের বাবাবন্ধু ও অন্যান্য গল্প। খ শাখায় কবিতায় মৃত্তিকা গুণ আমার আকাশে বৃষ্টি, উপন্যাসে আশা নাজনীন শাশুড়িপুরাণ সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন। সিটি ব্যাংক এনএর সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়। ক শাখায় প্রতিটি পুরস্কারের মূল্যমান ২৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং খ শাখায় পুরস্কারের মূল্যমান ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।