বৃষ্টিতে বৃক্ষ সবুজ হয়, ভরে ওঠে ফসলের মাঠ, কৃষকের মনে জাগে আনন্দ। কৃষিপ্রধান আমাদের দেশের চাষাবাদ এই প্রযুক্তিনির্ভর সময়েও বৃষ্টির ওপরে নির্ভরশীলতা কাটেনি। মাঠে চাষ দেওয়া থেকে শুরু করে, ধানের চারা রোপণ করা এসব নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটে তাদের।অন্যদিকে বৃষ্টি তথা বর্ষা আমাদের সাহিত্যে ও শিল্পে রেখেছে সৃজনপ্রেরণার ভূমিকা। বাংলায় বর্ষা ইলিশ-খিচুড়ি, শাখায় শাখায় প্রস্ফুটিত কদম আর রবীন্দ্রসংগীত অচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে আছে। সেই বর্ষাকাল চলছে। এবার বর্ষা ঋতুর শুরু থেকে দেশের কোথাও না কোথাও বৃষ্টিও হচ্ছে প্রায় নিয়মিত।শ্রাবণধারায় ঝরে আনন্দ-বেদনা, বৃষ্টিতে রোমন্থন বৃষ্টিতে যাতনা। গতকাল শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে স্বরকল্পন আবৃত্তি চক্র আয়োজিত ‘সেদিন বৃষ্টি ছিল খুব’ আবৃত্তি অনুষ্ঠানের মূল বিষয় ছিল বৃষ্টি। শিহাব শাহরিয়ার সম্পাদিত ছোট কাগজ বৈঠার বৃষ্টিসংখ্যা অবলম্বনে এই অনুষ্ঠান সাজানো হয় বৃষ্টির গল্প ও কবিতা দিয়ে।মঈন চৌধুরীর রচনায় বৃষ্টির গল্পে অংশ নেন মইনুল হোসেন, মাকসুদা আক্তার ও মাহফুজুল হক। এরপর হামিদ কায়সারের গল্প ‘এক যে ছিল বৃষ্টি’ অবলম্বনে আবৃত্তি করেন শিল্পী আলমগীর কবির, ফারজানা রহমান ও দাউদ হায়দার। জাহিদুর রহমান একক আবৃত্তি পরিবেশন করেন ‘বৃষ্টির সাথে আমি হারিয়ে যেতাম’। গ্রন্থনা ও নির্দেশনা আহমেদ শিপলু। অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন মাসরুক রহমান। আবহ সংগীতে আহমেদ শিপলু ও আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ।