বৃষ্টিতে সবাই বসে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুমবৃষ্টি। কিছুটা সময়ের জন্য থামছে, তারপর আবার ঝরছে বৃষ্টি। পরিচালক সাফিউদ্দিন একটু পরপর আকাশের দিকে তাকিয়ে দেখছেন আর প্রযোজক ইস্পাহানিকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলছেন, আকাশ ফরসা হচ্ছে। কিন্তু ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়ে চলেছে! তাই প্রযোজকের অন্ধকার মুখখানি আর ফরসা হয় না। কীভাবে হবে, প্রথম দিনের শুটিং, একটু আগেই কেবল মহরতটা হয়েছে। তার পর আর ক্যামেরা চলেনি। শাকিব খান ও অপু বিশ্বাসের মতো দামি শিল্পীরা বসে আছেন রূপসজ্জার কক্ষে। শুটিং হবে এফডিসির খোলা চত্বরে। বৃষ্টি না থামা পর্যন্ত কিছুই করার নেই কারও। লাইটম্যান ও সহকারী পরিচালকেরা অলস সময় পার করছেন।১ অক্টোবর সকালে এফডিসির দৃশ্যটি ছিল এমনই। শাকিব খান একটু অবসর পেয়েছেন বলতে হবে। তাই ৩ নম্বর ফ্লোরের রূপসজ্জাকক্ষেই ঝিমিয়ে নিচ্ছেন।সেখান থেকে বেরিয়ে প্রযোজক পরিবেশক সমিতিতে গিয়ে বোঝা গেল, বেশ চাপা পরিবেশ। জানা গেল, কার্যকরী পরিষদের বৈঠক। এখানে চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুগম্ভীর আলোচনা চলছে। ততক্ষণে বৃষ্টি থেকে গেছে। শুরু হলো, ঢাকা কিংয়ের মারপিটের শুটিং।পরিচালক সমিতির দৃশ্যপট অবশ্য ভিন্ন। এখানে পরিচালকেরা খোশগল্পে মশগুল। কেউ কেউ পুরোনো দিনের চলচ্চিত্র নির্মাণের স্মৃতিচারণা করছেন। কেউ কেউ এখনকার সিনেমার সমালোচনা করছেন। একটু পরই এখানে এলেন কাজী মারুফ। কথা হলো তাঁর সঙ্গে। জানালেন, ঈদে তাঁর ছবি মুক্তি পাবে। গেল ঈদে ছবি মুক্তি পেয়েছে। আগামীকাল আরও একটি ছবি মুক্তি পাচ্ছে এবং ছবিটি যে ব্যবসায়িক সাফল্য পেতে পারে, সে বিষয়েও আশার কথা শোনালেন তিনি।সাউন্ডল্যাবে গিয়ে দেখা গেল, এখানে বিভিন্ন ছবির রিরেকর্ডিংয়ের কাজ চলছে। যদিও ভেতরের আবহাওয়া ভালো নয়, বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ছে, তবু অনেকটা ঠেকে গিয়েই সেখানে নির্মাতাদের কাজ করতে হচ্ছে।সাউন্ডল্যাব থেকে বেরোতেই দেখা মিলল আফসানা মিমির। জানালেন, তিনি এফডিসিতে এসেছিলেন পরিচালক সমিতিতে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে। পরিচালক হিসেবে সদস্যপদ পেতে আবেদন করেছেন। আগামী নভেম্বরে মিমি চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। তাই সদস্যপদ পেতে হবে তাঁকে।সাউন্ডল্যাবের চত্বর থেকেই দেখা গেল, একটি দামি গাড়ি মোড় নিচ্ছে। কেউ একজন বললেন, আলমগীরের গাড়ি। আবার কেউ বললেন, রাজ্জাক সাহেব এসেছেন। আসলে তিনি যে কে, তা বোঝার আগেই গাড়িটি চলে গেল।