বৃষ্টির দিনে সুরে মুখর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর সাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। ছেলেরা পরেছেন পাঞ্জাবি, মেয়েদের পরনে বিচিত্র রঙের শাড়ি। সবাই মিলে গাইছিলেন, ‘তোমার আনন্দ ঐ এলো দ্বারে...’। বাইরে তখন ঝমঝম বৃষ্টি। গানের সুর আর বৃষ্টির সুরে এক অনবদ্য ঐকতান। সুরে মুখর পুরো মিলনায়তন।বাংলা গানের বৈচিত্র্যময় সুরসম্ভার নিয়ে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে শুরু হলো দুদিনের সংগীত উৎসব। শ্রোতাদের অধিকাংশই নানা বয়সের শিক্ষার্থী। মুগ্ধ হয়ে তাঁরা সংগীত বিভাগের শিল্পীদের গান উপভোগ করেন।প্রধান অতিথি হিসেবে সন্ধ্যায় দুদিনের এই উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সংগীত বিভাগের চেয়ারপারসন কুহেলী ইসলামের স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় উৎসব। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশিদ ও কোষাধ্যক্ষ মীজানুর রহমান।প্রধান অতিথি বলেন, ‘সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, লালন ও বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের সাংস্কৃৃতিক ঐতিহ্যের বিশাল অংশ জুড়ে রয়েছে সংগীত, যার অবদান গৌরবোজ্জ্বল। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনে সংগীত আমাদের প্রেরণা জুগিয়েছে।’আলোচনার পরে ছিল শিক্ষার্থীদের গাওয়া গানের পালা। সমবেত কণ্ঠে ‘শুকনো পাতায় নূপুর পায়ে’, ‘সেদিন আর কত দূরে’, ‘ঘননা ঘননা ঘন’ ইত্যাদি গান। ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ গানটির সঙ্গে ছিল সমবেত নৃত্য। অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ফাহিম হোসেন চৌধুরী, মহিউজ্জামান চৌধুরী, লীনা তাপসী খান, অনিমা ডি কস্টা, সায়ান প্রমুখ। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সংগীত উৎসবের প্রথম দিনের আয়োজন।রণজিৎ দাশের শিল্পকর্ম প্রদর্শনীশিল্পী রণজিৎ দাশ নিজেকে কখনোই একটি নির্দিষ্ট ছকে বন্দী করেননি। তাঁর কাজে বারবার পরিবর্তন এসেছে। ক্যানভাসে বর্ণের গতি কিংবা রেখার দীপ্তিকে তিনি বিভিন্নভাবে ছড়িয়ে দেন। আঁকার মাধ্যমেও তিনি পরিবর্তন এনেছেন। গতকাল উত্তরার গ্যালারি কায়ায় শুরু হওয়া একক প্রদর্শনীতে তাঁর শিল্পকর্মগুলো দেখে এমনটাই মন্তব্য করছিলেন শিল্পবোদ্ধারা।গতকাল সন্ধ্যায় কায়ায় দুই সপ্তাহের এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র। এ সময় উপস্থিত ছিলেন সামিট গ্রুপের মুহাম্মদ আজিজ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। রণজিৎ দাশের এবারের প্রদর্শনীর শিরোনাম ‘ইমেজ অ্যান্ড রিফ্লেকশন’। এতে স্থান পেয়েছে সাম্প্রতিক সময়ে আঁকা মোট ৪৫টি শিল্পকর্ম। প্রদর্শনী চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ‘উত্তরায়ণে’র অভিষেকজাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের মঞ্চের এক কোনায় বসে ভাস্বর বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়ির গল্প বলছিলেন, ‘সেই বাড়ির কিশোর ছেলে রবীন্দ্রনাথ ঠাকুর গুরু নানকের ভজন অনুসারে লিখলেন’ বলতেই মঞ্চে বসা গানের শিল্পীরা গেয়ে ওঠেন, ‘গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে’। ঠিক তখন মঞ্চের পেছনের পর্দায় ভেসে ওঠে সত্যিকারের কবিগুরু রবিঠাকুরের ছবি। অনুষ্ঠানে কথা আর গানের সঙ্গে মিল রেখে ছিল চিত্রকর্মের সমাহারও।গতকাল সন্ধ্যায় সংগীত সংগঠন ‘উত্তরায়ণে’র অভিষেক অনুষ্ঠান শুরু হয়েছিল এভাবেই। রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম শিল্পী হিমাদ্রী শেখরকে সঙ্গে নিয়ে গড়েছেন ‘উত্তরায়ণে’ নামের এই নতুন সংগঠন। সংগঠনের উদ্বোধন ঘোষণা করলেন দুই রবীন্দ্রসংগীতশিল্পী—সাদি মহম্মদ ও পাপিয়া সারোয়ার। এ সময় আরও ছিলেন ওপার বাংলার সংগীত পরিচালক দুর্বাদল চট্টোপাধ্যায়। ঘোষণা শেষে নিভে গেল মঞ্চের সব আলো। বেজে উঠল বেহালা, সেতার, এসরাজ, কি-বোর্ড আর তবলা। শ্রোতারা মুগ্ধ হয়ে শুনল ঐকতান। এরপর গীতি আলেখ্য ‘চিরকালের রবীন্দ্রনাথ’। উত্তরায়ণের শিল্পীরা সমবেতভাবে গাইলেন, ‘ঐ মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে’। উত্তরায়ণের পরিচালক লিলি ইসলাম কবিগুরুর প্রতি আমাদের দায়বদ্ধতার কথা তুলে ধরলেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ শোনালেন কবির জীবনের নানা কথা। তারপর কেবল গান। শিল্পীরা গাইলেন, ‘তোমার কথা হেথা’, ‘অয়ি ভুবনমনোমোহিনী’, ‘শাওন গগনে’, ‘মেঘের পরে মেঘ’, ‘জীবন মরণের’সহ বেশ কয়েকটি গান।