সন্ধ্যা। মেঘলা আকাশ। বাইরে বইছে হাওয়া, সেই সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কেউ কেউ কাকভেজা হয়ে গেছে। আবার কেউ বৃষ্টি থেকে গা বাঁচিয়ে উপস্থিত হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। গতকাল সোমবার সন্ধ্যায় নৃত্যাঞ্চলের উদ্যোগে এই নাট্যশালায় অনুষ্ঠিত হয় পণ্ডিত বিরজু মহারাজের কত্থক নৃত্য। দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করে এই অনুষ্ঠান।কত্থক নৃত্যের বিশিষ্ট শিল্পী, ভারতের প্রখ্যাত নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ এবং খ্যাতনামা নৃত্যপরিচালক ও শিল্পী শাশ্বতী সেন পরিচালিত ও নৃত্যাঞ্চল আয়োজিত কত্থক নৃত্য কর্মশালায় অংশ নেওয়া শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরু হয় শিশুশিল্পীদের পরিবেশনা দিয়ে। অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে পণ্ডিত বিরজু মহারাজ ও শিল্পী শাশ্বতী সেনও নৃত্য পরিবেশন করে দর্শকের মন ভরিয়ে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নৃত্যাঞ্চলের সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর। শিল্পী শামীম আরা নীপা বলেন, ‘অনেক দিনের নৃত্যজীবনে আজ আমার অন্যরকম এক আনন্দের দিন। আমাদের অনেকের কষ্ট আজ সার্থক হয়েছে।’ অনুষ্ঠান উপস্থাপনা করেন খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলী মহম্মদ।আবদুল আলিম স্মরণেউপমহাদেশের কালজয়ী কণ্ঠশিল্পী আবদুল আলিমের ৮১তম জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে পিলু মোমতাজ সংগীত পরিষদ।গতকাল সোমবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, আবদুল আলিমের গানে এ দেশের গণমানুষের কথা উঠে এসেছে। তিনি গানের ক্ষেত্রে যে অনন্য অবদান রেখেছেন, এর জন্য যুগ যুগ ধরে এ দেশে এই সংগীতপ্রেমীর নাম স্মরণ করা হবে। বক্তারা বলেন, আবদুল আলিম লোকসংগীতকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। লোকসংগীতকে তিনি ধারণ করেছিলেন। এ দেশে যত দিন লোকসংগীত থাকবে, তত দিন আবদুল আলিমের নাম স্মরণ করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি হামিদুল ইসলাম, কণ্ঠশিল্পী আব্দুল করিম খান, জহির আলিম, আজগর আলিম, আবু বকর সিদ্দিক, নারায়ণ চন্দ্র শীল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিলু মোমতাজ সংগীত পরিষদের সভাপতি মিনা বড়ুয়া। আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।নাট্যোৎসব শেষ হচ্ছে আজময়মনসিংহ অফিস জানায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহে পাঁচ দিনব্যাপী ঢাকা বিভাগীয় নাট্যোৎসব জমে উঠেছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব চলছে। উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা, ময়মনসিংহ ও জামালপুরের বিভিন্ন নাট্যগোষ্ঠী নাটক পরিবেশন করছে। গতকাল সোমবার ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থা রাজপুতানীর মহল নাটক পরিবেশন করে। আজ মঙ্গলবার সমাপনী দিনে জামালপুরের অমৃত থিয়েটার বিসর্জন নাটকটি পরিবেশন করবে।