বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবীন্দ্রনাথের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে ‘প্রাণের সুর ওঠে ভরে’ অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে ‘প্রাণের সুর ওঠে ভরে’ অনুষ্ঠানে সমবেত পরিবেশনা l ছবি: প্রথম আলো

মেঘের গর্জন, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে টিকিট কেটে দর্শক গেছেন রবীন্দ্র-গানের সুধায় স্নান করতে। পেয়েছেন স্নানের আনন্দ। বলা যায় রবীন্দ্রনাথই টেনে নিয়ে এসেছেন দর্শকদের। শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে গতকাল শুক্রবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় ছিল দর্শনীর বিনিময়ে গানের আসর।
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে নিয়মিত গানের আসরের আয়োজন করে। সে তালিকায় গতকাল অংশ নেয় সংগতি সংগঠন ‘রবিরশ্মি’র শিল্পীরা। ‘প্রাণে সুর ওঠে ভরে’ শীর্ষক আসরে শিল্পীরা একক এবং দলীয়ভাবে শোনান কবিগুরুর গান। কবির পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র পর্যায়ের গান ছাড়াও বাউল, কীর্তন ও বিদেশি সুর প্রভাবিত গান দিয়ে সাজানো হয়েছিল আসরটি।
শুরুতে ছিল তিন ধাঁচের তিনটি সমবেত গান। ‘এসো শ্যামল সুন্দর’, ‘আকাশভরা সূর্য-তারা’ এবং ‘প্রখর তপনতাপে’। এরপর একক ও দলীয় পরিবেশনা চলে পালাক্রমে। মাঝে ছিল কয়েকটি কবিতা। একক ও দলীয় গানের তালিকায় ছিল ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘জাগরণে যায় বিভাবরী’, ‘আমি জেনে শুনে বিষ করেছি পান’, ‘সে আমার গোপন কথা’, ‘তুমি খুশি থাক আমার পানে চেয়ে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’সহ অন্তত ২৫টি গান।
সংগঠনের পরিচালক মহাদেব ঘোষের পরিকল্পনা ও পরিচালনায় গতকালের আসরে যত্নের ছাপ দেখা গেল। বাইরে ছিল অবিরাম ঝিরঝিরে বৃষ্টি। কবির বিচিত্র গানে ডুবে থাকার জন্য পরিবেশটা ছিল যথার্থ।