বৃষ্টিস্নাত সুরময় সন্ধ্যা
বৃষ্টিস্নাত সন্ধ্যায় শ্রোতাদের মুগ্ধ করেছিল বৈচিত্র্যময় বাংলা গানের কথা ও সুর। অনুষ্ঠানে শিল্পীরা পঞ্চকবি, লালন, আধুনিক ও লোকসংগীত পরিবেশন করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। আয়োজক সংগঠনের শিল্পীদের সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর তাঁরা গেয়ে শোনান দেশের গান ‘এ কী অপরূপ রূপে মা তোমার’। ‘মা গো ধন্য হলো’ দেশের গানটি পরিবেশন করে একক গানের পালা শুরু করেন মাহমুদুল হাসান। লোকসংগীত ‘সর্বনাশা পদ্মা নদী’ পরিবেশন করেন দিদারুল করিম। ডি এল রায়ের ‘ঐ মহাসিন্ধুর ওপার থেকে’ গেয়ে শোনান শহীদ কবির। সানোয়ারা জাহান গেয়ে শোনান লালনের ‘আর কত দিন’ গানটি। আরও সংগীত পরিবেশন করেন অনিমা রায়, বিজন চন্দ্র মিস্ত্রী, জান্নাত এ ফেরদৌসী, ফারহানা শাওন প্রমুখ। শিল্পীরা ‘তোমার খোলা হাওয়া’, ‘মাঝে মাঝে তব দেখা’, ‘শাওন রাতে যদি’—এসব গান গেয়ে শোনান।সংগীতানুষ্ঠানের আগে ছিল জাগরণ প্রকাশিত প্রাণে গানে অন্তরে যুগল-সিডির মোড়ক উন্মোচন। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী খায়রুল আনাম ও মিতা হক। সিডি দুটির ৩২টি গান পরিবেশন করেন জাগরণের শিল্পীরা। এতে পঞ্চকবি, লালনের গানসহ আধুনিক ও লোকসংগীত রয়েছে।