বৃহস্পতিবার থেকে 'নজরুল মেলা-২০১৬'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্বাসউদ্দীন আহমদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে এবারের নজরুল মেলা
আব্বাসউদ্দীন আহমদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেনের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে এবারের নজরুল মেলা

আগামী বৃহস্পতিবার থেকে ‘নজরুলসংগীত শিল্পী পরিষদ’-এর আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনের ‘নজরুল মেলা-২০১৬ ’। বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হতে যাওয়া এবারের মেলার স্লোগান ‘আমরা সৃজিব নতুন জগৎ, আমরা গাহিব নতুন গান’। মেলাটি উৎসর্গ করা হয়েছে ‘শিল্পী আব্বাসউদ্দীন আহমদ, ফিরোজা বেগম ও সোহরাব হোসেন’–এর স্মৃতির প্রতি। এ মেলার পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিষদের সভাপতি ফেরদৌসী রহমান। এতে আরও বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত মোস্তফা, শিল্পী শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ, মেলার আহ্বায়ক নাশিদ কামাল ও ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশন প্রধান জারা মাহবুব।
ফেরদৌসী রহমান জানান, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এ মেলা। মেলায় থাকছে নানা আয়োজন। শুরুর দিন অনুষ্ঠিত হবে পরিষদের জেলা শাখার প্রতিনিধিদের সম্মেলন। ওই দিন সন্ধ্যায় উদ্বোধন করবেন শিল্পী ফেরদৌসী রহমান, কবির নাতনি খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী এবং ব্র্যাক ব্যাংকের প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন। প্রথম দিনে পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে শিল্পী ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা ও নাশিদ কামালকে। এদিন বিভিন্ন সংগঠনের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন খিলখিল কাজী, অনিন্দিতা কাজী এবং আরমিন মুসা ও ব্যান্ড। দ্বিতীয় দিনে সংগীত পরিবেশন করবেন সুজিত মোস্তফা এবং তৃতীয় ও সমাপনী দিনে নজরুলের গান গেয়ে শোনাবেন ইয়াসমিন মুশতারী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনের মেলায় আব্বাসউদ্দীন আহমদ, সোহরাব হোসেন ও ফিরোজা বেগমের গান নিয়ে দুটি সিডির মোড়ক উন্মোচন করা হবে। এর পাশাপাশি মেলাস্থলে থাকছে বেঙ্গল ফাউন্ডেশন, নিমফিয়া, অ্যাডর্ন পাবলিকেশনস, নজরুল ইনস্টিটিউট, এনএসএসপি ও লেজার ভিশনের স্টল।