বৃহস্পতিবার পাওনা মেটান না গোবিন্দ!
অদ্ভুত এক নিয়ম মেনে চলেন বলিউডের তারকা অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দ। স্রেফ কুসংস্কারের কারণে সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে তিনি পকেট থেকে কোন টাকা বের করেন না। বৃহস্পতিবার তাঁর কাছে টাকা চাইতে এলে হতাশ হয়েই ফিরে যেতে হয় পাওনাদারকে। গোবিন্দের মাথায় এই কুসংস্কার ঢুকিয়েছেন এক জ্যোতিষী। ওই জ্যোতিষীর পরামর্শেই সপ্তাহের মাঝামাঝিতে পাওনাদারকে চেক কিংবা নগদ অর্থ দেন না গোবিন্দ।এ প্রসঙ্গে গোবিন্দর কাছের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার কেউ যদি গোবিন্দর কাছে পাওনা টাকা চাইতে আসে তবে তাঁকে খালি হাতেই ফিরে যেতে হয়। পরদিন এসে টাকা নিতে বলা হয় তাঁকে। কারণ বৃহস্পতিবার পাওনা মেটানোর বিষয়টিকে অশুভ মনে করেন গোবিন্দ।সূত্রটি আরও জানিয়েছে, গোবিন্দ প্রায়ই এক জ্যোতিষীর কাছে যান, নানা পরামর্শ নেন। দিনের কোন সময়টা পাওনা মেটানোর জন্য আদর্শ সেই পরামর্শও তিনি নেন ওই জ্যোতিষীর কাছ থেকে। পরে নির্দিষ্ট ওই ক্ষণেই পাওনাদারের হাতে টাকা তুলে দেন।