বৃহানের অ্যালবাম ‘ফেসবুক প্রেম’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গানের শ্রোতাদের কাছে আগে থেকেই পরিচিত বোরহান আহমেদ। বিভিন্ন শিল্পীর অ্যালবামের কভার নকশা করেছেন তিনি। এর আগে হূদয় মিক্সসহ কয়েকটি মিশ্র অ্যালবামে গানও করেছেন। এবার তিনি নিজের একক অ্যালবাম প্রকাশ করলেন। তবে বোরহান নয়, বৃহান নামে। অ্যালবামের নাম ফেসবুক প্রেম। এখানে গান আছে ১১টি। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, গুঞ্জন চৌধুরী, শফিক তুহিন ও আর আই জীবন। সুর করেছেন ফোয়াদ নাসের, পঙ্কজ, মনোয়ার হোসেন, সুমন (অর্থহীন), হূদয় খান ও মাহমুদ সানি। বৃহান বললেন, ‘পাঁচ বছর ধরে অল্প অল্প করে অ্যালবামটির কাজ করেছি। কেমন হয়েছে—তা শ্রোতারাই বলবেন।’ ফেসবুক নিয়ে গান করার ব্যাপারে বললেন, ‘তরুণদের মধ্যে ফেসবুক এখন খুব জনপ্রিয়। আমি নিজেও দিনের বেশির ভাগ সময় ফেসবুকের সঙ্গেই থাকি। তাই প্রিয় বিষয়টি নিয়ে গান করেছি।’ ফেসবুক প্রেম অ্যালবামটি বাজারে এনেছে ফাহিম মিউজিক।