
ওয়েটার বাবুর ভাঙা ভাঙা ইংরেজি শুনে দর্শকদের রীতিমতো লুটোপুটি খাওয়া অবস্থা। শুধু ওয়েটার বাবু নয়, কমেডি ধাঁচের কার্মা কফি নাটকটি দুই ঘণ্টা ধরে দর্শকদের ভাসিয়ে রাখে হাসির রাজ্যে। ভালোবাসা দিবসে কার্মা কফি মঞ্চস্থ হয় রাজধানীর বে গ্যালারির রেড শিফট ক্যাফেতে। শাজিয়া ওমরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন অমিত আশরাফ। অনেকটা ঘরোয়া পরিবেশে আয়োজিত নাটকটি মঞ্চস্থ হয় ইংরেজি ভাষায়। নাটকের গল্প আবর্তিত হয়েছে জীবন সঙ্গী খুঁজছে এমন এক যুবককে ঘিরে। নাটকে যার নাম আনসারি। এক বিকেলে তাকে তার বোন একে একে ভিন্ন পেশার পাঁচজন মেয়ের সঙ্গে সাক্ষাৎ করায়। তাদের প্রথম চারজনের কেউ ছিল বিনিয়োগকারী, কেউ সমাজকর্মী, সংগীতশিল্পী, কেউ অতিমাত্রায় স্বাস্থ্য সচেতন। আনসারি এদের প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করে বুঝতে পারে নিজের সীমাবদ্ধতার কথা—সে সুখী কিন্তু উচ্চাকাঙ্ক্ষী নয়, নয় স্বাস্থ্যসচেতন কিংবা সমাজের জন্যও তার কোনো অবদান নেই। এ রকম নানা ফারাক থাকায় চারজনের একজনের সঙ্গেও হয়ে ওঠেনি আনসারির বন্ধুত্ব। শেষে ওমি নামের খেয়ালি মেয়েটির সঙ্গে মিলে যায় আনসারি। অতঃপর ওমির সঙ্গেই গাঁটছড়া বাঁধে আনসারি। নাটকে আনসারির বোন ও ভগ্নিপতি দম্পতি চরিত্রে দেখানো হয়েছে দৃঢ় পারিবারিক বন্ধন।
নাটক সম্পর্কে লেখক শাজিয়া ওমর জানান, ‘নিজেকে বোঝার মূল উপায় হলো অন্যকে বোঝা। ভালো কাজ আমাদের ভবিষ্যতে সুখী করে আর খারাপ চিন্তা ও কাজ আমাদের কীভাবে ভবিষ্যৎ জীবনে দুঃখের কারণ হয়, হাস্যরসের মাধ্যমে তা-ই তুলে ধরা হয়েছে এই নাটকে।’
দর্শকসারিতে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, বাংলাদেশে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা। নাটকের শেষে নেদা শাকিবার গাওয়া ‘লেট ইট বি’ ও ‘ফুলস রাশ ইন’ গান দুটো দর্শকদের মুগ্ধ করে। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ কিবরিয়া, রুমানা হাবিব, শেহাজিন চৌধুরী, আফিয়া রশিদ, উলফাত কুদ্দুস, নিসীম জান সাজিদ, নেদা শাকিবা, ডেভিড ব্রাউন, বায়েজিদ জোয়ার্দ্দার, নিতা মান্নাফ ও মাশহুর রহমান।