বেঁচে থাকবে আমার ছবিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজী রাকায়েত
গাজী রাকায়েত

২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১৭টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে মৃত্তিকা মায়া। ছবির পরিচালক হিসেবে এটি আমার জন্য অবশ্যই আনন্দের। তবে এর কৃতিত্ব আমি দিতে চাই চলচ্চিত্রের সব শিল্পী ও কলাকুশলীকে। বলতে চাই, মৃত্তিকা মায়ার প্রতিটি বিভাগের সবার সম্মিলিত প্রয়াস আর আন্তরিকতাতেই ছবিটি শেষাবধি ‘ভালো চলচ্চিত্র’ হয়ে উঠেছে।
মৃত্তিকা মায়া নিয়ে আমার স্বপ্ন সেই ২০০০ সাল থেকে। এখানে আছে ক্ষীরমোহন ও বৈশাখ—এই দুই প্রজন্মের গল্প। ২০০০ সালে আমি যখন এটি লিখি, প্রথমে ভেবেছিলাম কাহিনিটি নিয়ে ধারাবাহিক নাটক করব। পরে মনে হলো, ধারাবাহিকের চেয়ে চলচ্চিত্র হলেই বেশি ভালো হবে এবং ছবিটি নিয়ে আমিও যেতে পারব অনেক মানুষের কাছে। ফলে ২০০৫ সালে ঘুম নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে হাত মকশো করেছি।
অতঃপর সরকারি অনুদান পাওয়ার পর ২০১২ সালে এসে ফ্রেমবন্দী হলো মৃত্তিকা মায়া। আগে ছবিটি ‘মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার’ আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং পরে নয় ক্যাটাগরিতে বাচসাস পুরস্কার পেয়েছে। এবার পেল ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। হ্যাঁ, এ প্রাপ্তিতে অবশ্যই আমার ভালো লাগছে। তবে খুশি লাগছে ভিন্ন কারণে—ছবিটি এখনো খুব বেশি জায়গায় মুক্তি পায়নি, বেশি মানুষ দেখেনি। এই পুরস্কারের পর হয়তো মৃত্তিকা মায়া নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হবে; মানুষ ছবিটি দেখবে। বেঁচে থাকবে আমার চলচ্চিত্রটি।