বেঁচে থাকার মানে 'ভালোবাসা'
>এই বিভাগ আপনাদের। এখানে পাঠকের মুখোমুখি হচ্ছেন বিনোদনজগতের তারকারা। তাঁরা আপনাদের পাঠানো যেকোনো প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছেন। আজ এই বিভাগে হাজির হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর

যদি নির্দিষ্ট একটা বয়সে আটকে থাকার সুযোগ পান, তবে সেটা কোন বয়স হবে?
একদমই ছোটবেলায় ফিরে যেতে চাই। পাঁচ বছর বয়সে আটকে থাকতে চাই। আমার মনে হয়, ওই বয়সে একজন মানুষ জীবনের কোনো মানে বোঝে না, জীবন নিয়ে ভাবে না, জীবনে কোনো দাগ পড়ে না। অনেক মজার সময়।
ভালোবেসে ভালো থাকা, নাকি ভালোবেসে ভালো রাখা, কোনটি আপনি বিশ্বাস করেন?
ভালোবেসে ভালো রাখা। কারণ ভালোবেসে ভালো রাখলে আমিও ভালো থাকতে পারব।
আপনাকে দেখে মনে হয়েছে, আপনি সময় পেলেই বই পড়ার চেষ্টা করেন। প্রিয় পাঁচটি বইয়ের নাম জানতে চাই, যে বইগুলো পড়ে আপনার মনে হয়েছে সবার এগুলো পড়া উচিত।
হুমায়ূন আহমেদের শঙ্খনীল কারাগার, সেলেস্ট এনজির লিটল ফায়ার্স এভরিহোয়ার, অরুন্ধতী রায়ের দ্য গড অব স্মল থিংস, স্যার আর্থার কোনান ডোয়ালের ‘শার্লক হোমস’ আর জন গ্রিনের লুকিং ফর আলাস্কা।
বেঁচে থাকা বলতে আপনি কী বোঝেন? বা বেঁচে থাকাটা আসলে কী আপনার কাছে?
বেঁচে থাকার মানে ‘ভালোবাসা’।
কখনো সুযোগ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চা খেতে আসবেন?
হ্যাঁ। কেন আসব না? অবশ্যই আসব। এর আগেও তো টিএসসিতে চা খেতে গিয়েছি অনেকবার।
নিজেকে ভালো মানুষ হিসেবে দেখতে চান? নাকি ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চান?
অবশ্যই ভালো মানুষ হিসেবে দেখতে চাই। ভালো মানুষ না হয়ে, হয়তো ভালো অভিনেত্রী হওয়া যাবে; কিন্তু তা বেশি দিন স্থায়ী হবে না।
প্রশ্নগুলো করেছেন: শাহরিয়ার নীল
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়