বেইলি রোডে হঠাৎ বাচ্চুর গিটার
রোববার। সন্ধ্যা ছয়টা ২০ মিনিট। বেইলি রোডের গোল্ড প্যালেসে ঢোকার সিঁড়িতে হঠাৎ আইয়ুব বাচ্চু এসে গিটার বাজাতে শুরু করলেন। তাঁর সঙ্গে আর কেউ নেই। রাস্তার পথচারীরা থমকে দাঁড়ালেন—কী হচ্ছে এখানে! মুহূর্তেই ভবনটির সামনে প্রায় হাজার খানেক মানুষের ভিড় জমে যায়। রাস্তায় গাড়ি চলাচল থেমে যায় পুরোপুরি। দূর থেকে ছুটে আসে পুলিশ। সবাইকে সরে যাওয়ার অনুরোধ করে। শেষে বাধ্য হয়ে আইয়ুব বাচ্চুকেই গিটার বাজানো থামানোর জন্য অনুরোধের চেষ্টা করে। ততক্ষণে মিনিট ছয়েক হয়ে গেছে। শুরুটা হঠাৎ করে হলেও শেষে উপস্থিত সবাইকে বিদায় জানিয়ে ভবনের তৃতীয় তলায় চলে যান আইয়ুব বাচ্চু। এভাবেই ওই দিন সন্ধ্যায় উদ্বোধন হলো ভবনটির তৃতীয় তলায় ‘থার্টি থ্রি’ নামের সংগীতভিত্তিক ক্যাফে। আয়োজকেরা জানালেন, থার্টি থ্রি ক্যাফেতে আসা যে কেউ খাবারের পাশাপাশি নিয়মিত সংগীত উপভোগ করতে পারবেন। প্রথম দিন আমন্ত্রিত অতিথিরা গভীর রাত পর্যন্ত আইয়ুব বাচ্চু ও তাঁর এলআরবির পরিবেশনা উপভোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ব্লুজ গানের শিল্পী পান্ডু হোয়াইট।