বেঙ্গল আর্ট ক্যাম্পের আজ শেষ দিন
চারদিকে গাছ আর গাছ। সবুজ অরণ্যে ভরা শান্ত পরিবেশে তুলি, রং আর ক্যানভাস নিয়ে লেকের ধারে, রাস্তার পাশে বা বেঙ্গল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে ছবি আঁকায় ব্যস্ত শিল্পীরা। বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত চার দিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব ও বেঙ্গল আর্ট ক্যাম্পের গতকালের পরিবেশ ছিল এমনই। আজ রোববার শেষ হচ্ছে ক্যাম্প।রাজধানীর খিলক্ষেতের নিউ এয়ারপোর্ট রোডে অবস্থিত বেঙ্গল সেন্টারে এ আর্ট ক্যাম্প চলছে। বড় আকারে আয়োজিত এ ক্যাম্প ঘিরে শিল্পীদের মাঝে দারুণ সাড়া পড়েছে। লেকের ধারে প্রকৃতির মনোরম পরিবেশে তাঁরা মগ্ন হয়ে ছবি আঁকছেন। সেসব ছবিতে উঠে আসছে প্রকৃতি, মানুষ ও সময় সচেতনতাসহ নানা বিষয়।উৎসবে গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয় চারুকলাবিষয়ক আলোচনা সভা। এতে বক্তব্য দেন শিল্পী যোগেন চৌধুরী, সমিন্দ্রনাথ মজুমদার, অনিরুদ্ধ চারী ও অধ্যাপক আবুল মনসুর। সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী।ছবি আঁকার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল গতকাল রাতে। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান ও লাইসা আহমদ।পাকিস্তান হাইকমিশনের ‘দোস্তি শিল্পকর্ম প্রদর্শনী’জাতীয় চিত্রশালার সর্বত্র শিশুদের আনাগোনা। মূল প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই শোনা গেল শত শিশুর আনন্দ-উচ্ছ্বাস। এই শব্দ আসছিল জয়নুল গ্যালারি থেকে। মাঝে মাঝে শোনা যাচ্ছিল, ‘ওই যে ওটা আমার ছবি।’ ভেতরে গিয়ে বোঝা গেল, নিজের আঁকা ছবি দেখাতে কথাগুলো বলছে নানা বয়সের শিশুরা। গ্যালারিতে শোভা পাওয়া ছবিগুলো এই খুদে আঁকিয়েদেরই।বাংলাদেশের নানা প্রান্তের স্কুল শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে গতকাল থেকে শুরু হয়েছে ‘দোস্তি শিল্পকর্ম প্রদর্শনী’। বেশির ভাগ ছবিরই উপজীব্য বাংলাদেশের গ্রাম। বটগাছের নিচে গ্রাম্য মেলা, ধান বোনা, অবারিত সবুজ মাঠ কিংবা গরু বাঁধা বাড়ির আঙিনা ইত্যাদি দৃশ্য ফুটে উঠেছে এসব ছবিতে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আশরাফ কোরেশি ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী।পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে দুই বছর ধরে বিভিন্ন জেলার স্কুল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে বাছাই করা ছবি নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। প্রদর্শনী চলবে ৬ আগস্ট পর্যন্ত।১০০ পার করল ‘গিরগিটি’পূর্ণ হলো গ্রন্থিক নাট্যগোষ্ঠীর জনপ্রিয় নাটক গিরগিটির ১০০তম মঞ্চায়ন। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মতিউর রহমান। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে একটি মধ্যবিত্ত পরিবারকে কেন্দ্র করে। পারিবারিক জীবনে অভিভাবকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে প্রায়ই ঘটে নানা অপ্রত্যাশিত ঘটনা। পথভ্রষ্ট হয়ে পড়ে বাড়ির ছেলেমেয়ে, এমনকি কাজের লোকও। মূলত সেই খণ্ড খণ্ড ঘটনার রম্যরূপ নিয়েই গিরগিটি নাটক।এ নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে আয়োজন করা হয় গিরগিটির প্রদর্শনী এবং আলোচনা অনুষ্ঠানের। প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী প্রমুখ। গুলশানে নাশিদ কামালের গানবৃষ্টিস্নাত সন্ধ্যায় নজরুলগীতি, আধুনিক, লোকগান আর গজলে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন সংগীতশিল্পী নাশিদ কামাল। ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রের যৌথ উদ্যোগে গতকাল সন্ধ্যায় গাইলেন এ শিল্পী নিজের পছন্দ এবং দর্শকদের অনুরোধে। শুরুতে গাইলেন ‘সে যে আমার কামলিওয়ালা’ গানটি। এরপর তিনি একে একে গাইলেন ‘হুলো রে তুই রাতবিরাতে’, ইংরেজিতে ‘কারার ঐ লৌহ কবাট’, ‘লাইলি তোমার’, ‘যারে হাত দিয়ে’, ‘হে নামাজী আমার ঘরে’, ‘তোরা বলিস লো সখি’, ‘আবার ভালবাসার সাধ জাগে’, ‘ঘুমায়েছে ফুল,’ ‘ফুলেরও জলসায়’, ‘সই নদীর পারে’, ‘মোর ঘুম ঘোরে’, ‘দীপ নিভিয়াছে’ প্রভৃতি।অসত্যের মহোৎসবসত্য নাকি অসত্য? কোনটা বেশি শক্তিশালী? সমাজে এখন সত্য নয়, অসত্যের জয়জয়কার। যেখানেই পা ফেলে মানুষ সেখানে মিথ্যা তাকে জড়িয়ে ধরে।গতকাল শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ লোকনাট্য গোষ্ঠীর অসত্যের মহোৎসব নাটকের মূল ভাবনা তাই। সমাজের অবক্ষয়, অসংগতি, জীবন চলার প্রতিবন্ধকতা আর সত্য-অসত্যের ধর্মাচার বিষয়ে খণ্ড খণ্ড চিত্র নিয়েই ‘অসত্যের মহোৎসব’। নাটকটি রচনা করেছেন মোহাম্মদ মাহফুজউল্লাহ। নির্দেশনা দিয়েছেন তাপস সরকার।