বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ আয়োজন ইনটিমেট ফিয়ারস প্রদর্শনীর উদ্বোধনী দিনে শিল্পকর্ম দেখছেন শিল্পী ও অতিথিরা l ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জের শেষ আয়োজন ইনটিমেট ফিয়ারস প্রদর্শনীর উদ্বোধনী দিনে শিল্পকর্ম দেখছেন শিল্পী ও অতিথিরা l ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

আর মাত্র ২৪টি দিন। জুন মাসের ৪ তারিখের পরই বন্ধ হয়ে যাচ্ছে বেঙ্গল ফাউন্ডেশনের অন্যতম গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জ। এরপর এই গ্যালারিতে প্রদর্শনীর জন্য জ্বলবে না আর কোনো আলো, দেয়ালে সাজবে না নতুন কোনো শিল্পকর্মে।
২০১১ সালের ডিসেম্বরে বরেণ্য শিল্পী মনিরুল ইসলামকে দিয়ে শুরু হয়েছিল যে প্রদর্শনীশালার যাত্রা, তা শেষ হতে চলেছে তরুণ প্রতিশ্রুতিশীল একজন শিল্পীর প্রদর্শনী দিয়ে। এখন সেখানে চলছে তরুণ শিল্পী আনিসুজ্জামান সোহেলের একক প্রদর্শনী। শিরোনাম ‘ইনটিমেট ফিয়ারস’।
শিল্পের গভীরতা সন্ধানী শিল্পী আনিসুজ্জামান সোহেল তাঁর ভিন্নধর্মী এই শিল্পকর্মগুলোর কোনোটিতে ফুটিয়ে তুলেছেন ব্যক্তির বিচ্ছিন্নতা, আবার কোনোটিতে প্রকৃতির জন্য আকুলতা। তাঁর দ্বিতীয় একক এই প্রদর্শনীতে রয়েছে শিল্পীর ড্রইং, অবজেক্টস ও ইনস্টলেশন-নির্ভর কাজ। শিল্পকর্মের মতো সৃজনশীল কাজ করেও নিজ মনে ভয় নিয়ে বসবাস করছেন শিল্পী আনিসুজ্জামান সোহেল। নিজের ভয়, অন্যের ভয় নিয়ে তিনি সাজিয়েছেন প্রদর্শনী। মোট ৫২টি কাজ আছে এতে।
গেল শনিবার সন্ধ্যায় আনিসুজ্জামান সোহেলের এই প্রদর্শনীর উদ্বোধন করেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী শিশির ভট্টাচার্য্য। এ সময় শিল্পী আনিসুজ্জামান সোহেল ছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী ও বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।
ওই দিন প্রদর্শনী উদ্বোধনের আনন্দঘন পরিবেশে বেদনার কথা জানালেন লুভা নাহিদ চৌধুরী। তিনি জানান, এই প্রদর্শনীর পর এই শিল্পাঙ্গনে আর এ ধরনের প্রদর্শনী হবে না। তবে বাংলাদেশের শিল্পকলার পরিচর্যায় বেঙ্গল ফাউন্ডেশনের সহায়তায় অলাভজনকভাবে নিজস্ব কার্যক্রম চালিয়ে যাবে বেঙ্গল আর্ট লাউঞ্জ।
আনিসুজ্জামানের জন্ম ১৯৭৩ সালে। ‘ইনটিমিট ফিয়ারস’ তাঁর দ্বিতীয় একক প্রদর্শনী। এ প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পকর্মেও সোহেল বরাবরের মতো শিল্পের গভীরতা সন্ধানী। ভয়ানক এবং কখনো আতঙ্কজনক বিষয় সোহেলের শিল্পকর্মে উঠে এসেছে। কিছু শিল্পকর্মে অস্ত্র ব্যবহৃত হয়েছে। অঙ্গহানিসহ বিভিন্ন আকৃতির মাথার খুলিও ব্যবহার করেছেন তিনি।
প্রদর্শনীর ‘কালের গর্ভে হারিয়ে যাওয়া’ শিরোনামের ছবিটি বর্তমান সময়কে ধারণ করছে। কাঁটাতারের মাঝে মানুষের অবয়বের কুঁকড়ে-মুকড়ে থাকা, যেন চারপাশের আসন্ন বিপদের আভাষ। ‘দ্য গ্রেট ফল’ শিরোনামের ছবিতে দর্শক দেখতে পারবেন যাপিত জীবনে শুধু মানুষই না, পশুপাখিও বিপন্ন। মানব কঙ্কালের ওপর শকুনের কঙ্কাল সেটিরই প্রমাণ দেয়।