রাজধানীর মহাখালীর গ্যালারি কসমসের নতুন প্রদর্শনীকক্ষে চলছে ‘রিদম অব জায়লোগ্রাফি’ শিরোনামে ১০ দিনের দলীয় প্রদর্শনী। ১৭ জন শিল্পীর তেলরং, জলরং ও ছাপচিত্রের ৪৫টি কাজ এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।
প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো কসমস অতেলিয়ার ৭১ প্রিন্টমেকিং স্টুডিওতে অধ্যাপক আমিরুল মোমেনিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ছাপচিত্র কর্মশালার কাজ। প্রদর্শনীতে অংশ নিয়েছেন আফরোজা জামিল, আলতাফুন্নেসা রিতা, আজাদী পারভীন, এমদাদুল হক, কাজী ইফ্ফাত নেওয়াজ, লামিয়া আজাদ, লুত্ফুন নাহার, মো. মুসফিক আক্তার, মেহেদী হাসান, নাদিরা আক্তার, রহিমা আফরোজ, রাইসা আখতার, সাদিয়া সুলতানা, সৌরভ চৌধুরী প্রমুখ।
প্রদর্শনীতে শিল্পী সৌরভ চৌধুরী তাঁর কাঠখোদাইয়ের কাজে বাংলাদেশি লোকজশিল্পের কিছু কাল্পনিক চরিত্র ফুটিয়ে তুলেছেন। সামাউন হাসান তাঁর শিল্পকর্মে বাংলার আদিবাসী নারীর দৈনন্দিন জীবনের চিত্র উপস্থাপন করেন ‘ধীবর কন্যা’ শীর্ষক ছাপচিত্রের মাধ্যমে। এ ছাড়া রয়েছে আফরোজা জামিল ‘একলা পাখি, রহিমা আফরোজের ‘দ্য বার্ড’, শিল্পী লামিয়া আজাদের ‘জলকুমারী’সহ মোট ৪৫টি শিল্পকর্ম রয়েছে।
গ্যালারি সূত্রে জানা গেছে, অধ্যাপক আমিরুল মোমেনিন চৌধুরী গত জুন মাসে এই কর্মশালা পরিচালনা করেছিলেন। তাঁর নিজের নয়টি শিল্পকর্মও রয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
যখন নিঃশব্দ শব্দকে খাবে
গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল বুধবার থেকে যশোরের মোজাই জিভান সাফোরি এবং নড়াইলের সমীর মজুমদারের ‘যখন নিঃশব্দ শব্দকে খাবে’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনীর উদ্বোধন করেন জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কোনজি। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক সলিমুল্লাহ খান।
প্রদর্শনীতে শিল্পী সমীর মজুমদারের ২১টি, মোজাই জিভান সাফোরির ৩২টি এবং দুই শিল্পীর সম্মিলিত দুটি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।
শিল্পী সমীর মজুমদার ১৯৭০ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর একটি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বেশ কিছু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বরেণ্য শিল্পী এস এম সুলতানের কাছে চিত্রকলার হাতেখড়ি নেওয়া সমীর প্রকৃতি ও গ্রামীণ জীবন নিয়ে ছবি আঁকতে ভালোবাসেন।
শিল্পী মোজাই জিভান সাফোরি ১৯৯২ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন।
আজ বঙ্গবন্ধু সাফারি পার্কের উদ্বোধন
গাজীপুরের শ্রীপুরে নবনির্মিত বঙ্গবন্ধু সাফারি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
সরকারের বন অধিদপ্তর তিন হাজার ৬৯০ একজ জায়গার ওপরে আন্তর্জাতিক মানের এই পার্ক নির্মাণ করেছে।