বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রশিল্পের উন্নয়নে তরুণ মেধাবী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণের সুযোগ করে দেওয়া ও এসব চলচ্চিত্রের প্রদর্শনীর জন্য দেশজুড়ে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়ে আত্মপ্রকাশ করল বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরাম। গতকাল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফোরামের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া এবং তাদের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক আবুল খায়ের বলেন, দেশে অনেক মেধাবী তরুণ-তরুণী মানসম্মত চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেন। কিন্তু বিনিয়োগের অভাবে তাঁরা এ শিল্পে অবদান রাখতে পারছেন না। এ ফোরাম তাঁদের চলচ্চিত্র নির্মাণের জন্য অর্থায়ন করবে। তরুণ নির্মাতারা তাঁদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য জমা দেবেন। ফোরামের পরিচালনা ও উপদেষ্টা পরিষদ সেই চিত্রনাট্য বাছাই করে মনোনীত নির্মাতাকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতিটি চলচ্চিত্রের জন্য ৬০ লাখ টাকা দেওয়া হবে। তবে চিত্রনাট্যের ওপর নির্ভর করে নির্মাণের বরাদ্দ বাড়ানোরও সুযোগ থাকবে। চলতি মাস থেকেই আগামী আগস্ট পর্যন্ত চিত্রনাট্য জমা দেওয়া যাবে। এ প্রক্রিয়ায় প্রতিবছর অন্তত ২০টি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা তাঁদের রয়েছে। 

আবুল খায়ের জানান, দেশে ভালো সিনেমা হলের অভাব রয়েছে। এ জন্য নির্মাতাদের অর্থায়নের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধাসহ ৪০০ সিনেমা হল নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে একটি সমন্বিত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এ সিনেমা হলগুলো নির্মাণ করা হবে। এখানে সিনেমা হলের সঙ্গে একটি পাঠাগার, একটি মঞ্চ এবং ক্যাফেটেরিয়াও থাকবে।

সম্মেলনে ফোরামের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সাংসদ আসাদুজ্জামান নূর বেঙ্গলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তরুণ নির্মাতাদের সহায়তার সঙ্গে সিনেমা হলের অবকাঠামোগত উন্নয়নের সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সিনেমা হলগুলোর উন্নয়নের বিকল্প নেই। সবাই মিলে এগিয়ে এলে এ ভালো কাজটি সুসম্পন্ন হবে।

ফোরামের পরিচালনা চেয়ারপারসন লুভা নাহিদ চৌধুরী বলেন, এ প্রকল্পে নির্মাতাদের আর্থিক সহায়তা দেওয়া ছাড়াও চিত্রনাট্য রচনার কৌশল, প্রযুক্তি ব্যবহারের দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে। সম্মেলনে আরও বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য শহীদুল ইসলাম, মানজারে হাসীন, মোরশেদুল ইসলাম, শামীম আখতার ও আফসানা মিমি। সঞ্চালনা করেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নবনীতা চৌধুরী। সম্মেলনে ফোরামের নতুন ওয়েবসাইট ‘বেঙ্গলসিনেমা ডট কম’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগ্রহী নির্মাতারা কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জানতে পারবেন www. bengalcinama.com থেকে।

শুরু হলো নজরুল সম্মেলন

মানুষের সুকুমার অনুভূতিগুলো গান ও কাব্যে অনন্য নান্দনিকতায় তুলে এনেছিলেন কাজী নজরুল ইসলাম। তুলে ধরেছিলেন শোষণ-বঞ্চনার কথা। তিনি নিজেই বলেছিলেন, তাঁর এক হাতে আছে বাঁশের বাঁশরি, অন্য হাতে রয়েছে রণতূর্য। এখানেই তিনি সমকালের দাবি মিটিয়েও চিরকালীন। কবির ১১৪তম জয়ন্তী উপলক্ষে দুই দিনের সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় শুরু হয় এই সম্মেলন।

মূলত নজরুলের ভক্তিমূলক, উদ্দীপনামূলক, প্রেম ও প্রকৃতিবিষয়ক গান দিয়ে সাজানো হয়েছিল প্রথম দিনের আয়োজন। সম্মেলনের শুরুতে বক্তব্য দেন নজরুল অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন কবির নাতনি খিলখিল কাজী। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার সভাপতি খালিদ হোসেন, স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে সংস্থার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানটি। এরপর ছিল একক সংগীত, গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি। খালিদ হোসেন পরিবেশন করেন ‘রিম ঝিম ঘন দেয়া বরষে’, শারমীন সাথী ইসলাম ‘কেনো কাঁদে পরান’, নাসিমা শাহীন ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’, শেলু বড়ুয়া ‘এ আঁখিজল মোছ প্রিয়া’,  সেলিনা হোসেন ‘মম বন ভবনে’ ও আলিফ লায়লা শোনান ‘বরষা ঐ এলো বরষা’। এ ছাড়া সংস্থার জ্যেষ্ঠ শিল্পীরা একক সংগীত পরিবেশন করেন। আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, লায়লা আফরোজ ও মাহিদুল ইসলাম। নৃত্য পরিবেশন করে নাচের দল ভাবনা।

অ্যাডর্নের গ্রীষ্মের বই উৎসব শুরু

বই উৎসবের উদ্বোধনী আয়োজনটি হয়ে উঠেছিল লেখক-পাঠকদের ঘরোয়া আড্ডা। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে টেবিল পেতে থরে থরে সাজানো বই। এক পাশে তৈরি মঞ্চ। অতিথিদের লেখকদের সঙ্গে বই নিয়ে আলোচনায় অংশ নিলেন পাঠকেরাও।

অ্যাডর্ন পাবলিকেশনের আয়োজনে এখানে গ্রীষ্মের বই উৎসব শুরু হয়েছে গতকাল বিকেলে। উদ্বোধনের আড্ডায় মিলিত হয়েছেন কবি, গল্পকার, কথাশিল্পী, প্রবন্ধকার, প্রবীণ-নবীন লেখক ও গবেষকবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন আলম তালুকদার, মুহম্মদ নূরুল হুদা, আতা সরকার, বিলু কবীর, মাহবুব সাদিক, ফারুক মাহমুদ প্রমুখ। সঞ্চালনা করেন অ্যাডর্নের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন। এ বছর প্রথমবারের মতো গ্রীষ্মের বই উৎসব আয়োজন করেছে অ্যাডর্ন। উৎসব চলবে ১৫ জুন পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বই বিক্রি হবে ৩০% থেকে ৫০% পর্যন্ত মূল্য ছাড়ে।

আর কে চৌধুরীর জন্মদিনের সংবর্ধনা

রাজধানীর সায়েদাবাদ এলাকার আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আর কে চৌধুরীর জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ইসতারুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর কে চৌধুরীর সহধর্মিণী শিরিন চৌধুরী।