বেঙ্গল বৈশাখী উৎসব

দোতারায় বাংলার প্রাণের সুর, সঙ্গে তবলায় সংগত। বাংলার বাদ্যযন্ত্রের সুর ও তালে ভাসে নতুন আশা ও প্রত্যাশা। সরোদের তানে কল্পনায় ফুটে ওঠে নতুন বছরের নতুন আবাহন। মুগ্ধ দর্শক-শ্রোতা সরোদের তানে ভেসে চলে অনাগত সুন্দর ভবিষ্যতের প্রতিচ্ছবিতে।
রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে গতকাল রোববার সন্ধ্যায় শুরু হয়েছে ‘বেঙ্গল বৈশাখী উৎসব ১৪২১’। তিন দিনব্যাপী এই বৈশাখী উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বৈশাখকে স্বাগত জানাতে উৎসবের তিন দিনই থাকছে বাংলার বিভিন্ন প্রান্তের নানা ধরনের সংগীত আয়োজন।
গতকাল সন্ধ্যায় উৎসবের শুরুতেই দোতারা বাজান ফাইজুর রহমান। পরে রাগপ্রধান গান পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ শুচি, ফারহানা রহমান, শহিদ কবির, শিমু দে ও অনিন্দিতা চৌধুরী। এরপরই সরোদ বাজিয়ে পুরো পরিবেশ মুগ্ধতায় ভরিয়ে দেন রাজরূপা চৌধুরী। অনুষ্ঠান শেষ হয় কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদারের লোকগানে।