বেঙ্গল শিল্পালয়ে দক্ষিণ এশীয় চারুকলা প্রদর্শনী শুরু
২০১১ সালে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার নয়নাভিরাম সবুজ প্রকৃতির কোলে অনুষ্ঠিত হয়েছিল আর্ট ক্যাম্প ‘কেরালা গ্রিন’। আবেগের বিনিময়ের মাধ্যমে ওই ক্যাম্পে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি আর মনন যেমন এক সুতোয় গেঁথে যায়, তেমনি শিল্পীরা একে অপরের সৃষ্টি খুঁটিয়ে দেখে আবিষ্কার করেন ভিন্ন ভিন্ন করণকৌশল, চিন্তাধারা। সেই ক্যাম্পে আঁকা ছবি নিয়েই ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে গতকাল শুক্রবার শুরু হয়েছে দক্ষিণ এশীয় চারুকলা প্রদর্শনী ‘কেরালা গ্রিন’। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র যৌথভাবে আয়োজন করেছে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর। শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।প্রদর্শনীতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার দুজন করে এবং ভারতের ১৮ জনসহ মোট ৩৪ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।