বেঙ্গল শিল্পালয়ে তিন দিনের উৎসব
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার। বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী জানান, অনুষ্ঠানমালার প্রথম দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থাকছে শাহজাদপুর, শিলাইদহ ও পতিসরে রচিত রবীন্দ্রনাথের গান ও ছিন্নপত্র থেকে পাঠ। গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, কিরণ চন্দ্র রায়, লিলি ইসলাম, ফাহিম হেসেন। ছিন্নপত্র থেকে পাঠ করবেন হাসান আরিফ। কাল শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের নাটকের গান শোনাবেন সাদি মহম্মদ, মিতা হক, লাইসা আহমদ লিসা ও নন্দিতা ইয়াসমীন। শেষ দিন শনিবার সন্ধ্যায় হবে দুঃখ-আনন্দের গান ও নৃত্যানুষ্ঠান। গান করবেন ইফ্ফাত আরা দেওয়ান, মহিউজ্জামান চৌধুরী ও বুলবুল ইসলাম। নৃত্য পরিবেশন করবেন তামান্না রহমান। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের বেঙ্গল শিল্পালয়ে প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।