বেঙ্গল শিল্পালয়ে বৈশাখী উৎসব
বাংলা নববর্ষ ১৪২১ আবাহনে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে তিন দিনব্যাপী বৈশাখী উৎসব। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই উৎসব শুরু হচ্ছে আজ। আজ সন্ধ্যা ছয়টায় বাংলা ১৪২০ সালের শেষ দিনে দোতারাবাদনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। এরপর থাকবে নজরুলসংগীত, রাগপ্রধান গান, সরোদবাদন। আজ লোকগান শোনাবেন কিরণ চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। কাল পয়লা বৈশাখে অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এ সময় থাকবে ঢাকঢোল আর লোকগান। সন্ধ্যা ছয়টায় শুরুতেই থাকবে বাঁশিবাদন। এরপর রাগপ্রধান গান, আবৃত্তি, আধুনিক বাংলা গান। পঞ্চকবির গান শোনাবেন সুমন চৌধুরী, খায়রুল আনাম শাকিল, শামা রহমান, বুলবুল ইসলাম ও শারমিন সাথি ইসলাম। উৎসবের শেষ দিন সন্ধ্যা ছয়টায় শুরুতে থাকবে ফিরোজ খানের সেতারবাদন। গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ইফ্ফাত আরা দেওয়ান, সাদি মহম্মদ, ফরিদা পারভীন, মিতা হক ও অদিতি মহসিন। আবৃত্তি করবেন হাসান আরিফ।