বেঙ্গল সাংস্কৃতিক উৎসব ও আর্ট ক্যাম্প
‘গত শতকের ষাটের দশকে বাঙালির স্বাধিকারের দিনগুলোতে রবীন্দ্রনাথের গান ও তাঁর বিপুল সৃষ্টি নিত্য প্রেরণা সঞ্চার করেছে। তিনি বৃহত্তর সংগ্রামে উজ্জীবিত করেছেন এ দেশের জনসাধারণকে। তাঁর সৃষ্টি জীবনকে ভালোবাসার বোধে উদ্বুদ্ধ করে। সে জন্যই তিনি নিত্য স্মরণীয় ও প্রাসঙ্গিক হয়ে আছেন আমাদের সংস্কৃতিতে।’ রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকীকে উপলক্ষ করে বেঙ্গল ফাউন্ডেশনের বছরব্যাপী ‘বেঙ্গল সাংস্কৃতিক উৎসবে’র ঘোষণা অনুষ্ঠানে গতকাল রোববার এই মন্তব্য করেন বক্তারা। বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ১ আগস্ট চার দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে বাংলাদেশ ও ভারতের শতাধিক প্রবীণ ও নবীন শিল্পী অংশগ্রহণ করবেন। গতকাল ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব এবং বেঙ্গল আর্ট ক্যাম্প ২০১০-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পী হাশেম খান, কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেতের নিউ এয়ারপোর্ট রোডে অবস্থিত বেঙ্গল সেন্টারে এ আর্ট ক্যাম্প উদ্বোধন করবেন আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, আনিসুজ্জামান ও যোগেন চৌধুরী। এই আর্ট ক্যাম্প রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসর্গীকৃত। সুবচনের ‘মহাজনের নাও’আলো জ্বলতেই দেখা গেল, একজনকে কেন্দ্র করে দুটো মানববৃত্ত। ঢোল, মন্দিরা, হারমোনিয়াম ও তবলা বাজতে থাকে কখনো দ্রুতলয়ে, কখনো ঢিমেতালে। বাদ্যের তালে তালে যেন জেগে ওঠে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হল। কিংবদন্তিতুল্য বাউলসম্রাট শাহ আবদুল করিমের জীবনদর্শন নিয়ে শাকুর মজিদের রচনা ও সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় গতকাল এখানে মঞ্চস্থ হলো মহাজনের নাও নাটকটি। নাটকের শুরুতেই ছিল গান—‘এই দুনিয়ার মালিক মাওলা তুমি বিনে কে বা কার...’। গান থেমে গেলে শোনা যায় পুঁথিপাঠের সুর, ‘মনের দুঃখ কই না মানুষ বিনে...’। সুরে সুরে সিলেট অঞ্চলের স্বনামধন্য বাউল-কবিদের কীর্তির বয়ান শোনান শিল্পীরা। শাহ আবদুল করিমের জীবনকে মহাজনের নাও নাটকে তুলে আনা হয়েছে সহজ-সরল ভঙ্গিতে। গান-অন্তঃপ্রাণ মানুষটির জীবনের ঘাত-প্রতিঘাত উঠে এসেছে নাটকে। গ্রামীণ মানুষের মুখের ভাষা ব্যবহার করেছেন নাট্যকার। নাটকে ‘আর কিছু চায় না মন গান ছাড়া’, ‘কোন মেস্তোরি বানাইয়াছে নাও’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান’, ‘আমি কুলহারা কলঙ্কিনী’, ‘কেমনি ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া’সহ ২১টি গান ব্যবহার করা হয়েছে। আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন উদ্যাপিত আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ৭২ বছরে পা দিয়েছেন। বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের ছাদে ঘরোয়া পরিবেশে গতকাল রোববার তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র আয়োজিত এ অনুষ্ঠান ছিল ঘরোয়া। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের গলায় ফুলের মালা পরানোর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায় জন্মদিনের কেক কাটা হয়। অনুষ্ঠানে আবু সায়ীদ বলেন, ‘আমার বয়স হয়েছে, তবে এখনো বুড়ো হইনি। এখনো কাজ করে আনন্দ পাই, আনন্দ পাওয়ার জন্যই কাজ করি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষ গড়ার এ কাজ করে যেতে চাই।’আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, ‘যৌবন অত্যাচার করে হূদয়ের ওপর আর বার্ধক্য অত্যাচার করে শরীরের ওপর। দুটোর অত্যাচারেই আমি এখন অতিষ্ঠ। তবে জীবন কখনো শেষ হয় না। জীবনের কাজ করতে করতেই আমি শেষ হয়ে যেতে চাই।’ এরপর পাঠচক্রের সদস্যরা গান গেয়ে শোনান।