বেঙ্গলে কলিম শরাফী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা-কালো ব্যানারের এক পাশে তাঁর ছবি। চোখে চশমা। স্মিত হাসিতে ভরা সৌম্যকান্তি মুখ। সামনে বসে আছেন তাঁর অনুরাগীরা। শীতের সন্ধ্যায় বেঙ্গল গ্যালারিতে ছিল বিষাদমাখা পরিবেশ। এক পাশে কে যেন একজন গুন গুন করে গাইছিলেন তাঁর গাওয়া গান, ‘পথে পথে দিলাম ছড়াইয়ারে...’। গানটি মনে করিয়ে দিয়েছিল তাঁকে। পুরো আয়োজনে হূদয় খুঁড়ে বেদনা জানানো কথা হলো তাঁকে নিয়ে, স্মৃতিজাগানিয়া গান হলো। সর্বজন শ্রদ্ধেয় সংগীতজ্ঞ কলিম শরাফী গত ২ নভেম্বর চলে গেছেন না ফেরার জগতে। গতকাল রোববার তাঁকে নিয়ে স্মরণসভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। অধ্যাপক আনিসুজ্জামান, কথাশিল্পী সৈয়দ শামসুল হক ও শিল্পীর কন্যা আলেয়া শরাফী প্রয়াত শিল্পীর জীবন-সাধনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় বক্তারা কলিম শরাফীকে আকর্ষণীয় চরিত্রের ব্যক্তি হিসেবে মূল্যায়ন করে বলেন, তাঁর গায়নশৈলীর অভিনবত্ব এমন এক বৈভব এনেছিল, যা শ্রোতাকে বিমোহিত করে। শুধু রবীন্দ্রনাথের সুরই নয়, তাঁর বাণীও হূদয়ে আত্মস্থ করে সংগীত পরিবেশন করেছেন কলিম শরাফী। তাই তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত প্রাণ পেত। পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে এবং অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে কলিম শরাফীর ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে বলে বক্তারা মন্তব্য করেন।আলেয়া শরাফী শুরু করেছিলেন গানের পালা, ‘তোমারি ঝরনাতলার নির্জনে’ দিয়ে। এরপর মিতা হক পরিবেশন করেন ‘কত অজানারে জানাইলে তুমি’, ‘শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়’। ইফ্ফাত আর দেওয়ানের গাওয়া দুটি গানের মধ্যে ছিল ‘আজি প্রণমি তোমারে চলিব, নাথ, সংসার কাজে,’ এবং ‘কে গো অন্তরতর সে!,’। এ ছাড়া অনুষ্ঠানে বুলবুল ইসলাম ‘নিশি দিন ভরসা রাখি’; ‘আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী’, মহিউজ্জামান ‘দিনের শেষে, ঘুমের দেশে’, ‘যতবার আলো জ্বালাতে চাই’, এবং শামা রহমান ‘অশ্রু নদীর সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে’, ‘দীপ নিবে গেছে মম’ পরিবেশন করেন। আজ মুস্তাফা জামান আব্বাসীর ‘একক ভাওয়াইয়া সন্ধ্যা’ শিল্পী আব্বাসউদ্দীনের মৃত্যুবার্ষিকী আগামী ৩০ ডিসেম্বর। ১৯৫৯ সালে তিনি মারা যান। তাঁকে স্মরণ করে ভাওয়াইয়া অঙ্গনের উদ্যোগে আজ কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে একক ভাওয়াইয়া সন্ধ্যা। মুস্তাফা জামান আব্বাসী আজকের আসরে গান করবেন। ভাওয়াইয়া অঙ্গনের নির্বাহী পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান জানান, আজকের একক সংগীতানুষ্ঠানের উদ্বোধন করবেন অজিত রায়। অনুষ্ঠানে ত্রৈমাসিক সাময়িকী ‘ভাওয়াইয়া’র ষষ্ঠ বর্ষে পদার্পণের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। অরণ্যে ফিরে যাওয়াজাতিসংঘ ২০১১ সালকে ‘আন্তর্জাতিক বনবর্ষ’ ঘোষণা করেছে। জাতিসংঘের এই ঘোষণাকে বিষয় করে চলতি বছরের অক্টোবর মাসে দেশের ১২ জন শিল্পীর অংশগ্রহণে কুষ্টিয়ায় একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ সোমবার থেকে বেঙ্গল শিল্পালয়ে ‘অরণ্যে ফিরে যাওয়া’ নামে ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীদের কাজ নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনীর শুরু হচ্ছে। এই প্রদর্শনীতে থাকবে ‘বন’কে বিষয় করে আঁকা ছবি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সোমবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, কালিদাস কর্মকার, শহীদ কবির, মনসুর উল করিম, ফরিদা জামান, নাসরিন বেগম, দিলারা বেগম ও কনকচাঁপা চাকমা।