দেশের মাটিকে খুব ভালোবাসতেন তিনি। গভীর মমতায় পর্যবেক্ষণ করতেন মাটির ধূসর, গৈরিক, পাটকিলে, ছাই রঙের বৈচিত্র্য। ছবি আঁকাকেই যিনি করে তুলেছিলেন সারা জীবনের সাধনা, তিনি শিল্পী মোহাম্মদ কিবরিয়া। এখন নিজেই ছবি হয়ে গেছেন। বেঙ্গল শিল্পালয়ে তাঁর ছবি পাশে রেখে এক বছর আগে প্রয়াত শিল্পীকে স্মরণ করলেন অনুরাগী, সহকর্মী, অনুজ শিল্পীরা।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক এবং দেশের নির্বস্তুক চিত্রকলার পথিকৃৎ বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে বেঙ্গল গ্যালারি এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, সমাজকর্মী খুশী কবির, অধ্যাপক আবুল মনসুর ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, চারুকলাচর্চায় মোহাম্মদ কিবরিয়া একটি স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছিলেন। গত পাঁচ দশকের চিত্রকলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিমূর্ত চিত্রকলার এই ধারা পরিচিত ‘কিবরিয়া ধারা’ নামে। এর প্রভাবই সব থেকে গভীর ও ব্যাপক। শিল্পী মোহাম্মদ কিবরিয়া নিরবচ্ছিন্ন চিত্রসাধনা ও চর্চার মধ্য দিয়ে এ দেশের আধুনিক চিত্রশিল্পের বোধকে নানাভাবে আলোকিত করেছেন। তাঁর শিল্প-মনীষা, সৃজন ও মনন দ্বারা তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে শিল্প আন্দোলনের পথ নির্মাণে অন্যতম শিল্পী। বক্তারা বলেন, ‘ব্যক্তিমানুষ হিসেবে শিল্পীর মৃৃত্যু হয়, কিন্তু শিল্পকর্মের মৃত্যু হয় না। তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন।শিল্পী মোহাম্মদ কিবরিয়া ১৯২৯ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে কলকাতা সরকারি আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক পর্যায়ের শিক্ষা সমাপন এবং ১৯৫৬ থেকে ১৯৬২ সাল পর্যন্ত জাপানের টোকিও থেকে চিত্রকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। আজ ‘রনবীর বিশ্বদর্শন ও রম্যকথন’-এর প্রকাশনা অনুষ্ঠানআজ ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে রনবীর বিশ্বদর্শন ও রম্যকথন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘টোকাই’ খ্যাত বরেণ্য শিল্পী রফিকুন নবীর ভ্রমণবিষয়ক গ্রন্থ রনবীর বিশ্বদর্শন ও রম্যকথন সম্প্রতি বেঙ্গল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে। এই গ্রন্থে তিনি বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতার সঙ্গে সেই সব দেশের মানুষের সংস্কৃতি ও জীবনযাত্রার নানা অভিজ্ঞতা তুলে ধরেছেন। রয়েছে বেশ কিছু সরস রচনা। এ ছাড়া পতায় পাতায় রয়েছে শিল্পীর নান্দনিক রেখাচিত্র।প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন লেখক সৈয়দ শামসুল হক, সভাপতিত্ব করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী। বক্তব্য দেবেন অধ্যাপক বুলবন ওসমান, গ্রন্থের লেখক রফিকুন নবী ও বেঙ্গল পাবলিকেশনসের স্বত্বাধিকারী আবুল খায়ের।প্রসঙ্গত, বেঙ্গল ফাউন্ডেশন সমপ্রতি বেঙ্গল পাবলিকেশনস নামে একটি প্রকাশনালয় গড়ে তুলেছে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তিনটি গ্রন্থ।কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার প্রদানবিশিষ্ট ছড়াকার সুকুমার বড়ুয়ার হাতে বাংলা একাডেমী পরিচালিত কবীর চৌধুরী শিশুসাহিত্য তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একাডেমীর সেমিনার হলে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিভাগের পরিচালক আবদুল হাই। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।অনুষ্ঠানটি শুরু হয় শিল্পী সামিয়া নাজের পরিবেশনায় ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানটি দিয়ে।