বেঙ্গলে ঢালী আল মামুনের ‘অপনয়ন’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের আয়োজনে গতকাল বৃহস্পতিবার থেকে শিল্পী ঢালী আল মামুনের ‘অপনয়ন’ শীর্ষক একক স্থাপনাকর্ম ও ড্রয়িং প্রদর্শনী শুরু হয়েছে। সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক মেঘনা গুহঠাকুরতা এবং শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টসের পরিচালক এম কে আরেফ এবং বেঙ্গল আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের।প্রদর্শনীতে চারটি স্থাপনাকর্ম ও ভাস্কর্য এবং ৪৪টি রেখাচিত্র প্রদর্শিত হচ্ছে। শিল্পী জানান, তাঁর শিল্পকর্মগুলোর ভাবনা গড়ে উঠেছে ১৯৭১-এর গণহত্যাকে কেন্দ্র করে। পরবর্তীকালে কাজ করতে গিয়ে এই ভাবনার সম্প্রসারণ ঘটেছে। বিষয়টি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি; বরং এর উপলব্ধির মানচিত্রটি তাঁর সাদৃশ্য জগৎকে সম্পৃক্ত করেছে। বিষয় তখন আর সরল থাকেনি, কোনো একক অর্থ নির্মাণেও এটি সচেষ্ট নয়। শিল্পী বলেন, ‘নির্মিত ভাষা ও বিষয়ের সম্পর্ক সাংঘর্ষিক কি না, ঠিক জানি না; তবে এখানে স্থানিক সূত্র রয়েছে, রয়েছে লিঙ্গ-অস্তিত্বের সূত্রও। মানবদেহের অংশবিশেষকে ভাষার মূল অনুষঙ্গ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রাণহীন বস্তুর মধ্যে গতির সঞ্চার করে এক মানবীয় বৈশিষ্ট্য আরোপ করার চেষ্টা করা হয়েছে।’ প্রদর্শনী আগামী ৬ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এটি আয়োজনে সহযোগিতা করেছে এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টস। প্রদর্শনীর কিছু শিল্পকর্ম ধানমন্ডির এডওয়ার্ড কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দি আর্টসে স্থান পেয়েছে, যেখানে এই প্রদর্শনী চলবে ১৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।শিল্পী ঢালী আল মামুন ১৯৫৮ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। তিনি ২০০০ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১৪তম জাতীয় চিত্রকলা প্রদর্শনীতে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী’ পুরস্কার, ২০০৬ সালে ১২তম এশিয়ান আর্ট বিয়েনালে ‘গ্র্যান্ড প্রাইজ’ লাভ করেন। দেশে-বিদেশে তাঁর একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং তিনি বহু দলগত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।তথ্যচিত্র হবে ওডারল্যান্ডকে নিয়েমুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর প্রতীক পাওয়া একমাত্র বিদেশি ডব্লিউ ওডারল্যান্ডকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটি মিলনয়াতনে তথ্যচিত্রটির মহরত হয়। ওডারল্যান্ডের ৯৫তম জন্মদিন উপলক্ষে ঐক্য লিমিটেড এ উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মহরতের উদ্বোধন করেন। একই সঙ্গে কেক কেটে ওডারল্যান্ডের জন্মদিনও উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে দীপু মনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যা ডব্লিউ ওডারল্যান্ডের মনে গভীর রেখাপাত করেছিল বলেই বিদেশি হয়েও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। প্রশিক্ষণ দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের। তাঁর এই অবদান চিরদিন বাঙালি জাতি স্মরণ করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজা খানম, অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানের শুরুতেই ঐক্য লিমিটেডের প্রযোজনায় গীতিকার গোবিন্দ হালদার ও কণ্ঠযোদ্ধা দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের ওপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।