বেঙ্গলে যশোরের শিল্পীদের 'ধ্রুপদশৈলী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার লোকসাহিত্যে যশোর জেলার গৌরবোজ্জ্বল অবদানের কথা অনেকেই জানেন। শুধু বাউল, জারি, গাজির গান, মানিক পীরের গান নয়—একই সঙ্গে যশোরকে শিবের গীত, বালাকিসহ লঘুসংগীতের চারণভূমি বলা হয়ে থাকে। এ অঞ্চলের সমকালীন শিল্পীরা গতকাল সন্ধ্যায় ধ্রুপদ গান করে মুগ্ধ করেন ঢাকার শ্রোতাদের।
গতকাল বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা ‘ধ্রুপদশৈলী’। অনুষ্ঠানে ধ্রুপদ সংগীতের পাশাপাশি, প্রবন্ধগান, খেয়াল, ধামার, ঠুমরি ও দাদরা পরিবেশন করেন যশোর জেলার সুরধুনী সংগীত বিদ্যালয়ের প্রতিশ্রুতিশীল শিল্পীরা। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বর্ণালী দে, মাইমুনা নাসরিন, মৌমিতা বড়াল, মনিকা দেবনাথ এবং সংগীতশিক্ষক অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা সমবেতভাবে বাগেশ্রী রাগে ধ্রুপদ গেয়ে শোনান।
অনুষ্ঠানের দ্বিতীয় পরিবেশনা ছিল স্বর্ণালী দের প্রবন্ধগান। সাতটি রাগ-সারং, মধুমাধবী সারং, বড়হংস সারং, সামন্ত সারং, বৃন্দাবনী সারং, মিয়াকী সারং ও লংকাদহন সারংয়ের সমন্বয়ে ছিল এ নবীন শিল্পীর প্রবন্ধগান। এরপর যথাক্রমে মৌমিতা বড়াল বাহার রাগে ধামার, মাইমুনা নাসরিন মিয়াকি মল্লার রাগে খেয়াল, অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় দেশ রাগে খেয়াল, মনিকা দেবনাথ ‘মোরা সাঈয়া বোলাভে আধিরাতে’ ঠুমরি ও ‘শামভাই মন্ওয়া একেলি ডরলাগে’ দাদরা পরিবেশন করেন।