বেঙ্গলে রণজিৎ দাসের ‘ৎম’
নিরীক্ষাপ্রবণ ও পরিবর্তন-প্রয়াসী শিল্পী রণজিৎ দাসের সৃজনভূমিতে বাংলাদেশের মানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনাকে খুব সহজেই শনাক্ত করা যায়। প্রতিনিয়ত তিনি কাজ করেন এবং তাঁর নির্মাণ ও সৃষ্টিতে জীবনচেতনা ও সময়ের উত্তাপ লগ্ন হয়ে থাকে। তাঁর চিত্রে প্রতিবাদ আছে, সেই সঙ্গে আছে করুণ এক বিষণ্ন সুর। এ দুটি বিষয় তাঁর সৃষ্টিতে সমুজ্জ্বল। এ পর্যন্ত ১৬টি একক চিত্রকর্ম প্রদর্শনী করেছেন চিত্রশিল্পী রণজিৎ দাস। গতকাল শুক্রবার থেকে শুরু হলো শিল্পীর ‘ৎম’ শীর্ষক সপ্তদশ একক চিত্রকলা প্রদর্শনী।সন্ধ্যায় গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ২২ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে কানাডার হাইকমিশনার হেদার ক্রডেন। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৩৩টি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পী রণজিৎ দাস ১৯৮১ সালে ভারতের এমএস ইউনিভার্সিটি অব বরোদা থেকে এমএফএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯০, ২০০১ ও ২০০২ সালে অনুষ্ঠিত যথাক্রমে নবম, ১৪তম ও ১৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’; ১৯৯৫ সালে সপ্তম এশিয়ান আর্ট বিয়েনালে ‘গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং ১৯৯৩ সালে আমেরিকার ফ্লোরিডায় আয়োজিত ১৮তম ইন্টারন্যাশনাল মিনিয়েচার শোতে দ্বিতীয় পুরস্কার লাভ করেন। তিনি ২০১১ সাল পর্যন্ত ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।বরোদা থেকে ১৯৮১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর রণজিৎ দাসের কাজের ধারা সম্পূর্ণ পাল্টে যায়। তেল ও অ্যাক্রিলিকের ব্যবহারেও এই সময় থেকে তিনি দক্ষতা অর্জন করেন। বরোদার শিল্পচৈতন্য ও শিক্ষা তাঁর চিত্রাদর্শে নতুন মাত্রা সংযোজন করে। জ্যামিতিক অবয়ব গঠনের শৃঙ্খলা এবং একই পটে ভিন্ন ভিন্ন বিষয়ের অবতারণা তাঁর চিত্রের বিশেষ বৈশিষ্ট্য হয়ে ওঠে।