বেঙ্গলে শিল্পগুরু সফিউদ্দীনের শিল্পকর্মের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে তাঁর নির্বাচিত শিল্পকর্ম নিয়ে এক বিশেষ প্রদর্শনী। ‘শ্রদ্ধার্ঘ্য: শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’ শীর্ষক ১০ দিনের এ প্রদর্শনী উদ্বোধন করেন জাহানারা আবেদিন। অনুষ্ঠানে আলোচনা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী রফিকুন নবী ও অধ্যাপক আবুল মনসুর। বক্তব্য দেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী ও শিল্পীপুত্র আহমেদ নাজির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সফিউদ্দীন আহমেদের মৃত্যুতে এ দেশের শিল্প-আন্দোলনের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবে না। এই প্রদর্শনী শিল্পগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি তো বটেই, অন্যদিকে নবীন প্রজন্মের জন্যও এক আলোকবর্তিকা। প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৭০। গত শতাব্দীর চল্লিশ ও পঞ্চাশের দশকে ড্রয়িং ও ছাপাই ছবিতে সিদ্ধি অর্জনের পর তেলরঙের কাজেও তিনি আশ্চর্য দক্ষতার পরিচয় দেন। বিশেষ করে, সাঁওতালদের জীবনাভিজ্ঞতা, তাদের গ্রামের নানা চিত্র, জড়জীবন ও প্রতিকৃতি অঙ্কনে তিনি প্রতিভার স্বাক্ষর রাখেন। এসব ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে। এ প্রদর্শনী আগামী ১৬ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। ‘শতবর্ষের পথিক’ অ্যালবামের মোড়ক উন্মোচন ছবিতে বাংলাদেশের চারুকলা শিল্পজগতের প্রথম মডেল হিসেবে পরিচিত মমিন আলী মৃধার জীবন তুলে ধরেছেন আলোকচিত্রী সাহাদাত পারভেজ। তাঁর তোলা মমিন আলী মৃধা ওরফে দাদুর আলোকচিত্র এবং তা থেকে নির্বাচিত ছবি নিয়ে প্রকাশিত অ্যালবামের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। চারুকলা ইনস্টিটিউট অঙ্গনে সবার প্রিয় দাদুর সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন লাবু ভাই। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তাই দাদুর প্রিয় সুর বাজালেন তিনিই। গতকাল মঙ্গলবার ঢাকা আর্ট সেন্টারের অডিটোরিয়ামে শতবর্ষের পথিক শিরোনামে অ্যালবামের মোড়ক উন্মোচন করা হলো। আলোকচিত্রী সাহাদাত পারভেজ এ সময় বলেন, ‘দাদুকে আমি খুঁজে পেয়েছি একজন রবীন্দ্রনাথ, একজন লালন এবং একজন পথভোলা পথিকের সঙ্গে।’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী রফিকুন নবী এবং এয়ারটেলের বিপণনপ্রধান মীর নওবত আলী। শিল্পী রফিকুন নবী বলেন, ‘দাদু বলতে যা বোঝায়, ঠিক তেমন একজন সদা হাসিখুশি মানুষ তিনি। তাঁকে প্রায়ই দেখেছি সবার সঙ্গে হাসিভরা মুখ নিয়ে গল্প করতে।’ শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, আলোকচিত্রের ক্ষেত্রে এমন একাগ্র কাজ খুব কমই দেখা যায়। মমিন আলী কেমন মানুষ ছিলেন, তা বোঝা যায় সাহাদাত পারভেজের কাজ থেকেই। ৭০টি ছবির দ্বিভাষিক ফটো অ্যালবামটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের সহযোগিতায় প্রকাশ করেছে ঐতিহ্য। ২০টি আলোকচিত্র এবং দাদুর কিছু শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। এটি চলবে ৮ জুন পর্যন্ত। বৈকুণ্ঠের নতুন প্রযোজনা ‘বাবা’বাবা দিবস উপলক্ষে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি মঞ্চে আনছে তাদের নতুন প্রযোজনা ‘বাবা’। বৈকুণ্ঠের ১৪তম এ প্রযোজনাটি ৮ জুন শুক্রবার সন্ধ্যা সাতটায় শাহবাগ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। গ্রন্থনা ও নির্দেশনা মাসুম আজিজুল বাসারের। অনুষ্ঠানে বাবাকে নিয়ে ১০টি স্মৃতিচারণামূলক লেখা উপস্থাপন করবেন বৈকুণ্ঠের ১০ আবৃত্তিশিল্পী। এ নিয়ে বৈকুণ্ঠের সভাপতি আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা বলেন, ‘প্রতিবারের মতো এবারও নতুন কিছু করার প্রয়াসেই আমাদের এই আয়োজন। এতে বাবা ও সন্তানের সম্পর্কের ঘনিষ্ঠতা ও সূক্ষ্ম দিকগুলোকে তুলে ধরা হবে। ব্যতিক্রমধর্মী ও সত্য ঘটনার আলোকে লেখা রচনা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।’ পাবনায় রবীন্দ্র নজরুলজয়ন্তী উদ্যাপিত পাবনা অফিস জানায়, ‘হূদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ স্লোগানের মধ্য দিয়ে গত সোমবার রাতে পাবনায় রবীন্দ্র-নজরুলজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে পাবনা সাংস্কৃতিক ঐক্য জোট। নাসিমা আশরাফের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ও নজরুলের বেশ কয়েকটি গান ও কবিতা। গান গেয়ে শোনান অলোক সেন, রিতা কর্মকার, আবুল হাসেম, শফি ইসলাম, প্রদীপ কুমার দাস ও বঙ্কেশ সরকার।