বেঙ্গলে শুরু হচ্ছে গয়্যার প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত স্পেনীয় শিল্পী ফ্রান্সিসকো গয়্যার (১৭৪৬-১৮২৮) নির্বাচিত এনগ্রেভিং চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে। স্পেনের রেয়াল একাডেমিয়া দ্য বেইয়াজ আর্টেজ অব সান ফার্নান্দোর সংগ্রহ থেকে এই শিল্পকর্মগুলো নিয়ে আয়োজন করা হয়েছে এই প্রদর্শনী। বেঙ্গল গ্যালারির সঙ্গে যৌথভাবে এর আয়োজন করছে বাংলাদেশে স্পেনের দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি বিভাগের ইনডিটেক্স চেয়ার।৯ অক্টোবর সন্ধ্যা ছয়টায় স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রধান অতিথি হিসেবে দুই সপ্তাহের এই প্রদর্শনী ও নব বিন্যাসে সজ্জিত বেঙ্গল গ্যালারি উদ্বোধন করবেন। শিল্পী ফ্রান্সিসকো গয়্যা ছিলেন অসাধারণ এক চিত্রশিল্পী। প্রাচীন শিল্পগুরুদের মধ্যে তাঁকে সর্বশ্রেষ্ঠ এবং আধুনিক চিত্রধারার অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। গয়্যা ছিলেন স্পেনের রাজদরবারের শিল্পী। জীবনের নানা দিক রূপায়ণে ও শিল্পনৈপুণ্যে তিনি হয়ে উঠেছিলেন তাঁর সময়ের শ্রেষ্ঠ ভাষ্যকার এবং সময়ের কুশলী রূপকার।প্রদর্শনীতে তাঁর মৌলিক চারটি সিরিজের কাজ রয়েছে। ‘লস ক্যাপ্রিচোজ’ সিরিজে প্রতীকাশ্রয়ী অদ্ভুত কল্পচিত্রের মাধ্যমে স্প্যানিশ সমাজের দোষ-ত্রুটিকে চিত্রায়িত করা হয়েছে। ‘লস দেসাসট্রেস দ্য লা গের্রা’ সিরিজের কাজগুলো স্প্যানিশদের অযাচিত হিংস্রতাকে প্রদর্শন করেছে। ‘লা তাওরোমাকিয়া’ সিরিজের কাজ অযৌক্তিক কাণ্ডজ্ঞানহীন সমাজের হতাশা থেকে মুক্তির নিমিত্তে একটি অভয়াশ্রমস্বরূপ। চতুর্থটি হলো ‘লস দিসপারেতেস’, যা তাঁর পরাবাস্তব স্বপ্নের দলিল।