বেঙ্গলে সাবরিনা মেৎজাকির চিত্রকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে গতকাল শনিবার থেকে শুরু হলো ইতালীয় শিল্পী সাবরিনা মেৎজাকির ‘দ্য ডরমেন্সি অব দ্য সিড’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী।সন্ধ্যা ছয়টায় ২০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন মানবাধিকারকর্মী এবং নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশে ভ্যাটিক্যানের রাষ্ট্রদূত মোস্ট রেভারেন্ড জোসেফ মেরিনো, বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।প্রদর্শনীতে মোট শিল্পকর্মের সংখ্যা প্রায় ১২টি। প্রদর্শনী ২২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।শিল্পী সাবরিনা মেৎজাকি ১৯৬৪ সালে ইতালির বোলোনিয়ায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বোলোনিয়ার নিকটবর্তী মারজাবোত্তো শহরে বসবাস করেন। সাবরিনা বোলোনিয়া স্টেট ইনস্টিটিউট থেকে চারুকলায় প্রাথমিক প্রশিক্ষণ শেষে ১৯৯৩ সালে একাডেমি অব ফাইন আর্টস থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। নব্বইয়ের দশকের মাঝামাঝি সাবরিনা মেৎজাকি শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইতালির ব্রেশায় অবস্থিত গ্যালেরিয়া ম্যাসিমো মিনিনি ও স্যান গিমিনয়ানোর গ্যালারিয়া কনটিনুয়াসহ প্যারিস ও বেইজিংয়ে তাঁর একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বোলোনিয়ার গ্যালারি অব মডার্ন আর্ট এবং সিয়েনায় অবস্থিত প্যালেস অব দ্য প্যাপেজেসহ নিউইয়র্ক ও বুয়েনস এইরেসের বিভিন্ন শহরে উন্মুক্ত চত্বরে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। শিল্পীর কাজ ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি সংগ্রহে স্থান পেয়েছে।