বেঙ্গলে সেরা শিল্পীদের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুর্তজা বশীরের অাঁকা একটি ছবি
মুর্তজা বশীরের অাঁকা একটি ছবি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি মানেই তো চিরায়ত বাংলার ছবি। সেখানে বাংলাদেশের কৃষক, আদিবাসী, নারীর মুখ ভাসে। কিন্তু এই জয়নুলই কালিতে এঁকেছেন বিদেশ ও বিদেশি মানুষের মুখ। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চিত্রকলা প্রদর্শনী। সেখানে স্থান পেয়েছে জয়নুলের এ ছবিটি। ছবিগুলো এসেছে বেঙ্গল ফাউন্ডেশন ও এর সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে।
শুধু জয়নুল আবেদিন নন, প্রদর্শনীতে থাকছে বাংলাদেশ ও ভারতের ১৭ জন সেরা শিল্পীর মোট ৩১টি চিত্রকর্ম। অন্যরা হলেন কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, রামকিঙ্কর বেইজ, রফিকুন নবী, বিজন চৌধুরী, হরেন দাস, কালিদাস কর্মকার, কাজী আবদুল বাসেত, শহিদ কবীর, নাজলী লায়লা মনসুর, আবদুস সাত্তার, রোকেয়া সুলতানা ও শিশির ভট্টাচার্য।

তেলরঙে অাঁকা আমিনুল ইসলামের ছবি
তেলরঙে অাঁকা আমিনুল ইসলামের ছবি

শিল্পীদের অধিকাংশের ছবিতে বিষয়বস্তু হিসেবে প্রাধান্য পেয়েছে নারী। পটুয়া কামরুল হাসানের দুটি ছবিতে বিষয়বস্তু বাংলার নারী। একটি কালিতে, অন্যটি জলরঙে আঁকা। বিভিন্ন সময়ে আঁকা আমিনুল ইসলামের তিনটি ছবিতেও নারী এসেছে। তারা আত্ম-অন্বেষণে ব্যস্ত। কাজী আবদুল বাসেতের তিনটি ছবিরও বিষয়বস্তু নারী। ছবিগুলোতে ফুটে উঠেছে বাংলাদেশের নারীর আটপৌরে জীবন।

ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে, শিল্পী: হরেন দাস
ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে, শিল্পী: হরেন দাস

এ ছাড়া আবদুস সাত্তার এঁকেছেন দুই নারীর প্রতিকৃতি। হরেন দাসের একটি ছবিতে মাটি থেকে ফুল কুড়াচ্ছে দুটি মেয়ে। কাইয়ুম চৌধুরী এঁকেছেন গ্রামবাংলার বিষণ্ন নারীকে। রোকেয়া সুলতানাও নারীর ছবি এঁকেছেন ডিমের কুসুম দিয়ে বানানো টেম্পেরা রং দিয়ে। শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ এঁকেছেন মুক্তিযুদ্ধের স্মৃতি।
পাশেই জয়নুলের আরও তিনটি ছবি, প্যাস্টেলে আঁকা। সবগুলোর শিরোনাম একই, ‘স্টাডি’। রফিকুন নবীর ছবিতে মাছ ধরার ফাঁকে জেলেরা বিশ্রাম করছে। হরেন দাসের আরেকটি ছবিতে শিশুরা খেলছে মার্বেল। এ ছাড়া, ১৯৫৯ সালে আঁকা মুর্তজা বশীরের একটি ছবি আছে প্রদর্শনীতে।
আজ প্রদর্শনীর উদ্বোধন, তবে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। ‘ফিগারেশন’ শীর্ষক প্রদর্শনীটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছবি দেখতে বেঙ্গল শিল্পালয়ের দরজা দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।