বেঙ্গলে ১০ শিল্পীর প্রদর্শনী শুরু
শুক্রবার ছুটির দিন বিকেলে ধানমন্ডির বেঙ্গল গ্যালারি ভরে উঠেছিল শিল্পানুরাগীদের উপস্থিতিতে। সেখানে শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে-৮’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী। ৪০টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। উদ্বোধন করেন প্রধান তথ্য কমিশনার ও প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত (অব.) মোহাম্মদ জমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী ১০টি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ছিল ধারাবাহিক এই আয়োজনের অষ্টম প্রদর্শনী। সৃজনে ও শেকড়ে-৮-এ অংশগ্রহণ করেছেন দেশের কয়েক প্রজন্মের ১০ জন শিল্পী। শিল্পীরা হলেন মোহাম্মদ মোহসীন, ইফফাত আরা দেওয়ান, মমিনুল ইসলাম, কাজী রকীব, ফারেহা জেবা, মোহাম্মদ ফখরুল ইসলাম, লায়লা শারমিন, শাজাহান আহমেদ, আনিসুজ্জামান ও মাকসুদা ইকবাল। বিভিন্ন আকৃতির শিল্পকর্মগুলোতে কখনো রূপারোপ নির্মাণ, কখনো বাস্তব কোনো বিষয়কে উপস্থাপন করেছেন তাঁরা। কখনো শিল্পগুণের পরিচয় দিয়েছেন ক্যানভাসে মানবের বিম্ব গঠন বা কখনো বিমূর্তে অবগাহনের মধ্য দিয়ে। কেউ বিমূর্ততার মধ্য দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন। অনেকে কাজ করেছেন ফুল, লতাপাতা, বৃক্ষ কিংবা নিসর্গের অন্তর্নিহিত সৌন্দর্য নিয়ে। এই প্রদর্শনী চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।