বেঙ্গলে ‘সৃজনে ও শেকড়ে-৫’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল গ্যালারিতে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে-৫’ শিরোনামের দলীয় প্রদর্শনী। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী ১০টি প্রদর্শনী হচ্ছে। গতকাল শুরু হওয়া এই প্রদর্শনীটি ছিল এর পঞ্চম আয়োজন। ১২ দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন কবি ও স্থপতি রবিউল হুসাইন।‘সৃজনে ও শেকড়ে-৫’-এ ৪০টি শিল্পকর্ম রয়েছে। অংশগ্রহণকারী ১০ জন শিল্পী, যাঁদের সৃজন-উৎকর্ষ নানা দিক থেকে ঐতিহ্যসন্ধানী, তাৎপর্যময় ও শেকড়লগ্ন। এই ১০ জন শিল্পী তাঁদের অভিব্যক্তি ও নিজেদের সৃজন-প্রয়াস তুলে ধরেছেন প্রত্যক্ষণ, অভিজ্ঞতা, রঙের ব্যবহার ও পরিসর-ভাবনা অবলম্বন করে। তাঁরা সৃজনে সঞ্চার করেছেন নতুনমাত্রা। কেউ আধা বিমূর্ত ও বিমূর্ততার মধ্যে দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চেয়েছেন। এই প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রকলার বৈচিত্র্যও স্পষ্ট হয়ে উঠেছে।অংশগ্রহণকারী শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, রেজাউল করিম, সৈয়দ আবদুল্লাহ খালিদ, বীরেন সোম, হাসি চক্রবর্তী, তরুণ কুমার ঘোষ, ইফতেখারউদ্দীন আহমেদ, আহমেদ নজীর, রফি হক ও তাসাদ্দুক হোসেন।২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।