বেঙ্গলে ‘সৃজনে ও শেকড়ে-৭’
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার থেকে ১০ জন শিল্পীর কাজ নিয়ে শুরু হয়েছে ‘সৃজনে ও শেকড়ে-৭’ শীর্ষক প্রদর্শনী। বিকেলে বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন কবি ও স্থপতি রবিউল হুসাইন। সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০টি। চিত্রকর্মগুলোতে কেউ আধাবিমূর্ত ও বিমূর্ততা রীতিতে কাজ করেছেন। তাঁদের নানা মাত্রিক এই কাজের মধ্য দিয়ে বাংলাদেশের চিত্রকলার বৈচিত্র্য প্রকাশিত হয়েছে। এই ১০ জনের কাজ সেদিক থেকে নানা গুরুত্ববহ হয়ে উঠেছে। প্রদর্শনীতে অংশ নেওয়া নারী শিল্পীর কাজে সমাজ-ভাবনা ও জীবন-ভাবনার মধ্যে প্রতিবাদী অনুষঙ্গ আছে। শিল্পীরা হলেন—ইব্রাহিম, কুহু, মুর্শিদা আরজু, সৈয়দ হাসান মাহমুদ, নাজমা আখতার, গৌতম চক্রবর্তী, নাজিয়া আন্দালীব, গুলশান হোসেন, দেওয়ান মিজান ও সামছুল আলম আজাদ। প্রদর্শনী আগামী ৯ জানুয়রি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।