বেঙ্গলে 'সৃজনের উদ্যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৃজনের উদ্যান শীর্ষক প্রদর্শনীতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অতিথিরা শিল্পকর্ম  দেখেন ষ ছবি: প্রথম আলো
সৃজনের উদ্যান শীর্ষক প্রদর্শনীতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও অতিথিরা শিল্পকর্ম দেখেন ষ ছবি: প্রথম আলো

আমাদের দেশে টেলিভিশনের যাত্রা শুরু ১৯৬৪ সালের শেষ ভাগে। এর জন্ম-প্রক্রিয়ার শুরু থেকেই উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। নতুন কিছু করা আর নতুন কিছুর সঙ্গে থাকার উদ্দীপনা নিয়ে সেই দলে ছিলেন সে সময়ের প্রতিষ্ঠিত শিল্পী মুস্তাফা মনোয়ার, ইমদাদ হোসেন, তরুণ শিল্পী কেরামত মওলা, আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন চারুশিল্পী। এ দেশে টেলিভিশনে শিল্প-নির্দেশনার সূত্রপাত তাঁদের হাতেই। এখন তাঁদের জায়গায় এসেছেন আশি, নব্বই ও শূন্য দশকের শিল্পীরা। বিটিভির চার যুগের প্রবীণ-নবীন শিল্পীদের পেশাগত কাজের বাইরে অন্য রকম সৃজন সমাহার নিয়ে বেঙ্গল গ্যালারিতে শুরু হয়েছে ‘সৃজনের উদ্যান’ শীর্ষক প্রদর্শনী।
গতকাল রোববার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক শিল্পী মুস্তাফা মনোয়ার, শিল্পী রফিকুন নবী এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ। আরও বক্তব্য দেন শিল্পী শিরিন মহল বন্দনা এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। প্রদর্শনীতে ৩৪ জন শিল্পীর ৬১টি শিল্পকর্ম রয়েছে। প্রদর্শনী চলবে ২ জুলাই পর্যন্ত।
বছরের পর বছর ধরে টিভির শিল্প-নির্দেশকেরা বিশ্বাসযোগ্য কিংবা প্রতীকী ছবি আঁকেন স্টুডিওর চার দেয়ালের অভ্যন্তরে। তাঁরা যে এর বাইরেও শিল্পকলার চর্চা অব্যাহত রেখেছেন, তা উপলব্ধি করার একটা সুযোগ হলো এ প্রদর্শনীতে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মুস্তাফা মনোয়ার, আনোয়ার হোসেন, হোসেন জামাল, মহিউদ্দীন ফারুক, রেজাউল করিম, আবদুল মান্নান, ফেরদৌসী পিনু, মামুনুল হকু, মোহাম্মদ ইউনুস, বিজয় সেন, রফিক আহম্মেদ, হারুন আল রশিদ, শিরিন মহল, মানিক দে, স্বপন আচার্য, মোহাম্মদ আলমগীর, গোলাম কিবরিয়া চৌধুরী, জি এম খলিলুর রহমান, জালাল উদ্দিন, জাহিদ মুস্তাফা, মীর আহসানুল আলম, এ এ এম কাওসার হাসান, দিলরুবা লতিফ, মোহাম্মদ সেলিম, রুনা লায়লা, মাসুদুর রহমান, আনোয়ার সাদাত, ঝুনু আকতার, হেমায়েত হোসেন, শারমিন নিগার, স্বপন সাহা, সঞ্জীব সাহা, বিবেকানন্দ রায় ও শফিকুল ইসলাম।

জন্মদিনে শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের প্রতি শ্রদ্ধা

গতকাল ২৩ জুন ছিল শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের ৯১তম জন্মবার্ষিকী। ১৯২২ সালে তিনি জন্মগ্রহণ করেন। শিল্পগুরু তাঁর সৃজনশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষ এ দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ এক শিল্পী।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শিল্পগুরুর কবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বেঙ্গল ফাউন্ডেশনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০১২ সালের ২০ মে তিনি ইন্তেকাল করেন।