
উচ্চাঙ্গসংগীতের বিভিন্ন দিক তুলে ধরতে কর্মশালার আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। গত ২৬ সেপ্টেম্বর থেকে এটি শুরু হয়েছে। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার দুই দিন করে। ‘সংগীত-অবয়ব’ শীর্ষক এই কর্মশালায় উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের ইতিহাস, ব্যাকরণ, বিজ্ঞান, রসতত্ত্ব ও দর্শন বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবারের বিষয় ছিল দক্ষিণ ভারতীয় নৃত্যকলা ‘ভরতনাট্যম’ নৃত্যের উদ্ভব, ঘরানা, চর্চা ইত্যাদি।
গতকাল অনুষ্ঠিত কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে আলোকপাত করেন নৃত্যশিল্পী বেলায়েত হোসেন খান। এ ছাড়া নৃত্যশিল্পী শ্রাবণী মজুমদার, রুবাশা মারিয়ানা ও রীমু রানী মণ্ডল ভরতনাট্যম নৃত্যের কিছু মুদ্রা ও অভিব্যক্তি প্রদর্শন করেন।
আগামী শনিবার বিকেল চারটায় ‘শিল্পী, শ্রোতা ও রাগ রহস্য’ বিষয়ে বলবেন আলিমুর রহমান খান। সংগীতপিপাসু যে কেউ কর্মশালায় অংশ নিতে পারবেন।