বেচেই দিলেন সজীব
সম্প্রতি বের হয়েছে তানভীর আলম সজীবের তৃতীয় একক অ্যালবাম বেচেই দিলাম। সব কটি গান লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এবং সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন সজীব। অ্যালবাম এবং সজীবের অন্যান্য কাজ নিয়ে এই প্রতিবেদন। কী কী বেচলেন?‘ছোটবেলার স্মৃতি, বন্ধুর সঙ্গে বা নিজের সঙ্গে আপস, টানাপোড়েন, অভিজ্ঞতা—সবকিছু বেচেই দিলাম।’ বলছিলেন বেচেই দিলাম অ্যালবামের সুরকার, সংগীতায়োজক ও গায়ক তানভীর আলম সজীব। ‘এ রকম আপস করেই একটা ভালো জিনিস হয়। যেমন ‘কিছু কথা’ গানটা পৃথ্বীকে দেওয়া হলো রি-অ্যারেঞ্জ করতে। পৃথ্বী ডাবস্টেপ নামক একটা বিদেশি ফরম্যাটে গানটা করল। আমার কাছে গানটা অসাধারণ লাগল, কিন্তু নীলের সেটা একদমই পছন্দ হয়নি। তখন শুধু গিটারের ওপর আবার গানটি করা হলো। এবার সবার পছন্দ হলো।’এর মাঝখানেই নুমা আপা, মানে—আমাদের ফাহমিদা নবীর ফোন। আগামীকাল রেকর্ডিং কয়টায়, নিশ্চিত হতে ফোন দেওয়া। ফোন রাখার পর জিজ্ঞেস করি, কিসের রেকর্ডিং? ‘আমি আর নুমা আপা মিলে একটা নতুন অ্যালবাম করছি। ভালোবাসায় ভরপুর একটা অ্যালবাম। নাম রেখেছি ভালোবাসার বন্যতা। কাজ প্রায় শেষ। শুধু রেকর্ডিংটাই বাকি।’ ভালোবাসা দিবসে অ্যালবামটির দেখা পাওয়া যাবে বলে জানালেন সজীব। বেচেই দিলাম অ্যালবাম করতে গিয়ে আর যে ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়ে? ‘বুনো পুরো অ্যালবামের মিক্সের কাজ করছে। কয়েকটা গানে মনে হলো নতুন করে ভয়েস দিতে হবে। সেটা করতে হবে বুনোর বাসায়। কিন্তু ওর ঘরটা ঠিক শব্দ প্রতিরোধক নয়। পরে বুনোর বিছানার তোশক দুই হাতে ধরে দরজার সামনে দাঁড়িয়ে গেল নীল। রেকর্ডিংয়ের পুরোটা সময় দাঁড়িয়ে ছিল।’আপনার গান নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন পেলেন? ‘আমি আসলে আমার মতো করে গান করতে চাই, অন্যদের মতো করে না। যদি আমার কোনো গান কাউকে একটু ভাবায়, একটু অন্যদিকে মনটা ধাবিত করতে পারে, তবেই আমি সার্থক। বেচেই দিলাম-এর গানগুলোতে বিনোদনের থেকে একটু বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছি। সেদিন এক ভক্ত ফোন করে বললেন, “দাদা, আপনার একেকটা গান একেক রকম। এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে।” মনে হলো, নাহ্, চেষ্টা একেবারে বিফলে যায়নি।’ শুধু গান করা নয়, পড়ানোও সজীবের কাজ। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভে সংগীতের মাস্টার্স শাখায় খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছেন সজীব। ‘একটা বিশেষ কৃতজ্ঞতা আমার বউ বিজলী হক এবং নীলের বউ অমিতি কুণ্ডুর প্রতি। ওঁদের তির্যক মন্তব্য নিয়মিত না শুনলে অ্যালবামটা হয়তো আরও বুড়িয়ে যেত ঘরে বসেই।’আর কী কাজ করছেন? ‘নিয়মিত স্কোর অর্থাৎ আবহ সংগীতের কাজ করছি টেলিভিশনে, সিনেমায়। রানওয়ে, নমুনা ইত্যাদি চলচ্চিত্রেও কাজ করেছি। মমতাজের দেহতত্ত্ব্বের অ্যালবামের কাজ করছি। এ ছাড়া শচীন দেববর্মন ও নজরুলসংগীতের একটা অ্যালবাম করার ইচ্ছে আছে। তবে আমার অনেক আশা, কয়ারের একটা অ্যালবাম করার।’ বছর কয়েক আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়া শুধু মুখ দিয়ে বিভিন্ন শব্দ করে সংগীত তৈরি করেছিলেন সজীব। ‘দূর দ্বীপবাসিনী’ গানটি তাতে চমৎকার লেগেছিল। নন্দিত সেই কয়ার ফরম্যাটেই এবার পুরো একটি অ্যালবাম করতে চান সজীব। ‘মেরিল-প্রথম আলোতে কয়ারে দূর দ্বীপবাসিনী করার পর থেকেই ইচ্ছেটা দানা বেঁধেছে। আশা করি, এ বছরই অ্যালবামটা শেষ করতে পারব। তবে ভিন্নধর্মী এসব অ্যালবাম পেতে হলে শ্রোতাদের পাইরেসির বদলে অ্যালবাম কিনতে হবে। না হলে শিল্পী কোনো টাকা পাবেন না। আর শিল্পী না বাঁচলে ভিন্নধর্মী গান কীভাবে হবে!’