
মঞ্চের পেছন থেকে শুরু করা যাক। সাজঘরে তখন অনেক মানুষ। মেয়ের সঙ্গে খুনসুটি করছিলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বলতে শোনা গেল, ‘এখানেই বোসো, আর কবার বাইরে যাবে।’ চায়ের কাপে চুমুক দিতেই কেউ একজন জানতে চাইলেন, ‘চা যেমনটি চেয়েছেন তেমন হয়েছে তো?’
সৌমিত্রকে একটু চিন্তিত দেখায়। বলেন, চলুন, মঞ্চটা একবার দেখে আসি। তখনো খোলেনি মিলনায়তনের দরজা, দর্শকদের অপেক্ষায় নাট্যশালার মূল মিলনায়তনের চেয়ারগুলো। মঞ্চ দেখে স্বস্তি বোধ করলেন সৌমিত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের নাট্যদল সংস্তবের সঙ্গে ছাড়িগঙ্গা নাটকে অভিনয় করেন এই মঞ্চেই।
গতকাল শুরু হয় নয় দিনের গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উদ্বোধক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
মঞ্চের চেয়ারে বসার আগে করজোড়ে মাথা নুইয়ে দর্শকদের নমস্কার জানান সৌমিত্র। ‘ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’ গানের সঙ্গে দলীয় উদ্বোধনী নৃত্যের পর শুরু হয় স্বাগত ভাষণ। ফেরদৌসী বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়কে আজই প্রথম সামনে থেকে দেখি, কথা বলি। আর যে উৎসব শুরু হয়েছে, সেটা যেন অব্যাহত থাকে।’
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘মঞ্চের মানুষ আমি। হলভর্তি মানুষ দেখলে রক্তে চাঞ্চল্য সৃষ্টি হয়।’ এ দেশের মানুষের আতিথেয়তার প্রাণখোলা প্রশংসা করেন তিনি। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন ছিলেন বিশেষ অতিথি। স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্যাপন পরিষদের সদস্যসচিব আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই মিলনায়তনের ওপর ও নিচতলা ভরে যায়। তারপরও বাইরে ছিল দর্শকদের দীর্ঘ সারি।