বেটি বি বার্থ অব দ্য ইয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভূমিষ্ঠ হয়েছেন বহুল আলোচিত ‘বচ্চন’; আহ্লাদে গদগদ হয়ে যাকে সবাই ডাকছেন ‘বেটি বচ্চন’ নামে। মা ঐশ্বরিয়ার জন্মদিন ১ নভেম্বর কিংবা ১১.১১.১১ কিংবা ১৫ নভেম্বর বিশ্ব শিশু দিবসে—তিনটি দিনের ওপরই বাজিকরেরা ১০০-১৫০ কোটির বাজি ধরেছিলেন। কিন্তু বিধি বাম! এঁদের কেউ জানতেই পারেননি ঐশ্বরিয়া শুরু থেকেই প্রাকৃতিকভাবে সন্তান প্রসব করতে চেয়েছিলেন। আর সৃষ্টিকর্তার ইশারায় সেই তারিখটি ১৬ নভেম্বর। ‘হাম দো হামারা দো’ গানের মতো অভিষেক-ঐশ্বরিয়া দুজনেরই যমজ সন্তান হবে—এটা তো ধ্রুব সত্যের মতো মেনে নিয়েছিলেন অনেকে। অখ্যাত এক অভিনেত্রী আবার দাবি করেছিলেন, বচ্চনরা জানেন, ঐশ্বরিয়ার ছেলেসন্তান হবে! অথচ অভিষেক-ঐশ্বরিয়া নিজেরাই কখনো সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতে চাননি। অভিষেক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের সারপ্রাইজ দিতে চেয়েছি। তা ছাড়া এটা আমাদের সংস্কারও বলতে পারেন।’ ঐশ্বরিয়ার মেয়ে হওয়ায় ভারতে কন্যাসন্তান হত্যার প্রবণতা কমবে—এমন অভিমত বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের। তা ছাড়া কাঁচির নিচে নিজেকে সঁপে না দিয়ে ৩৮ বছর বয়সেও প্রাকৃতিকভাবে সন্তান প্রসবের কারণে ঐশ্বরিয়াকে সাধুবাদ জানাচ্ছে সুধী সমাজ। ধারণা করা হচ্ছে, উপমহাদেশে পুনরায় প্রাকৃতিকভাবে সন্তান জন্মদানের ঘটনা বৃদ্ধি পাবে। টাইমস অব ইন্ডিয়ার মতে, বেবি অব দ্য ইয়ার ‘বেটি বচ্চন’কে নিয়ে সার্কাস চলছে অবিরাম। ১৬ নভেম্বর ২০১১ সকাল নয়টা ৫০ মিনিটে মুম্বাইয়ের সেভেন হিল হাসপাতালে ডাক্তার বিনীতা সালভের তত্ত্বাবধানে জন্ম নেন ছয়-সাত পাউন্ডের ‘ঐশ্বরিয়া জুনিয়র’। তিনি নাকি ভবিষ্যতে সৃষ্টিশীল কাজের সঙ্গে নিজেকে জড়াবেন। তাঁর উচিত হবে না অংশীদারি ব্যবসা করা। মায়ের মতো সুন্দরী প্রতিযোগিতায় সাফল্য পেতে পারবেন, তাঁর নামের আদ্যাক্ষর হওয়া উচিত ইংরেজি ‘কে’ দিয়ে—এসব ভবিষ্যদ্বাণী করতে ব্যস্ত জ্যোতিষীরা। অবশ্য অভিষেক কখনোই জ্যোতিষীদের পরামর্শকে বেদবাক্য মানেননি। তাঁর নাম থেকে বচ্চন উপাধি বিদায় দিলে সাফল্য সুনিশ্চিত, এমন পরামর্শও উড়িয়ে দিয়েছিলেন তিনি। এবারও তা-ই করলেন। টুইটারে অনুসারীদের অনুরোধ করেছেন ইংরেজি ‘এ’ আদ্যাক্ষর দিয়ে মেয়ের নাম খুঁজে দেওয়ার জন্য। অনেকে ঐশ্বরিয়ার সঙ্গে অজ্ঞাতনামা এক শিশুর ছবি জুড়ে দিয়ে ইন্টারনেটে প্রকাশ করেছেন। বচ্চনরা এসব ছবিকেই ‘ভুয়া’ অভিহিত করেন। ‘বেটি বচ্চন’ জন্মের আগেই আইন জারি হয়েছিল, বচ্চনদের অনুমতি ছাড়া নবজাতিকার ছবি প্রকাশ করা হলে তাকে গ্রেপ্তার করা হবে। ভারতীয় টিভি চ্যানেলগুলো এই আইনের ওপর গোসসা করে তেমন কোনো খবরও প্রচার করেনি, যতটা ফলাও করে ২১ জুন ঐশ্বরিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রচার করেছিল। এর তুলনায় আন্তর্জাতিক প্রচারমাধ্যম—টাইম ম্যাগাজিন, পিপল, সিবিএস নিউজ, এলএ টাইমস, স্কাই নিউজ, টেলিগ্রাফ, ডেইলি মেইল, বিবিসি, অ্যালিগেটর, এমনকি সিএনএন-এ ‘বেটি বচ্চন’ আগমনের খবর প্রচারিত হয়েছে। কেমন হয়েছেন ঐশ্বরিয়ার মেয়ে? হাসপাতালের ওয়ার্ড বয় বলেন, ঠিক যেন মায়ের কপি। সেই সবুজাভ চোখ, দুধে আলতা গায়ের রং। দাদা অমিতাভ বচ্চন ত্রিমাত্রিক ক্যামেরায় প্রতিটি মুহূর্ত বন্দী করছেন। শুধু তা-ই নয়, বচ্চনদের শুভেচ্ছা জানিয়ে মুঠোফোনে যারা বার্তা পাঠিয়েছেন, প্রত্যেককেই নিজে ধন্যবাদ জানাচ্ছেন। প্রথম দিন এই সংখ্যাটি ছিল ১২৭০। অভিষেক বচ্চন পাঁচ দিনে প্রায় পাঁচ হাজার শুভাকাঙ্ক্ষীর বাড়িতে মিষ্টি ও উপহার পাঠিয়েছেন। অভিষেক মেয়ে চেয়েছিলেন, তার একটাই—কারণ, যেন দেখতে অ্যাশের মতো হয়। মেয়ে হওয়ার প্রথম খবরটি বিশ্ববাসীকে তিনিই প্রথম দিয়েছিলেন। ৪০ ঘণ্টা না ঘুমিয়ে স্ত্রী-কন্যাকে সঙ্গ দিয়েছেন। ডায়পার বদল করা কিংবা নির্ঘুম রাত্রির জন্য কতটুকু প্রস্তুত তিনি? ‘শতভাগ!’—অভিষেকের সাফ জবাব, ‘আর আমার মেয়ে অত কান্নাও করবে না। ও কান্না করলেই যে আমি শুরু করে দেব। বাবার কান্না দেখে মেয়ে আমার চুপ না হয়ে পারবেই না। আর আমি ও অ্যাশ বরাবরই তিন-চার ঘণ্টার ঘুমে অভ্যস্ত। প্রয়োজনে আমরা পালা করে জেগে থাকব। বিশ্বাস করুন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্ত্রী-কন্যাকে খেলতে দেখি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য! অজান্তেই চোখ ভিজে যায় আমার! সবাই আমাদের আশীর্বাদ করবেন।’ আর আর খান[হিন্দুস্তান টাইমস, মিড ডে, ডেইলি ভাস্কর, ডিএনএ ইন্ডিয়া, আইবিএন লাইভ, টাইমস অব ইন্ডিয়া, টাইমস লাইভ, এনডিটিভি ডটকম অবলম্বনে]