বেণুকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকের একটি দৃশ্য l ছবি: সাইফুল ইসলাম
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল মঞ্চস্থ দেশ নাটকের দর্পণে শরৎশশী নাটকের একটি দৃশ্য l ছবি: সাইফুল ইসলাম

সম্মাননা পর্বের শেষ, এবার নাচ-গানের পালা। কিন্তু যাঁরা সম্মাননা পেলেন তাঁদের কণ্ঠে গান না শুনলে তো চলবে না। মঞ্চ পরিপাটি করার জন্য তাই কোনো বিরতি নয়। বেজে উঠল তবলা আর হারমোনিয়াম। দুটি মাইক্রোফোন হাতে গেয়ে উঠলেন শাহীন সামাদ ও লীনা তাপসী খান। বেণুকা ললিতকলা কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে এই দুই শিল্পীকে।
আয়োজনটি ছিল গতকাল সোমবার সন্ধ্যার। বেণুকা ললিতকলা কেন্দ্রের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে নাচ ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন গুণীকে সম্মাননা জানাতে পেরে আয়োজকেরাও সম্মানিত হয়েছেন। বেণুকার সম্মাননা পদক ২০১৫ দেওয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদকে। আর সংগীতে অবদানের জন্য সম্মান জ্ঞাপন করা হয় সংগঠনটির সাংস্কৃতিক সম্পাদক লীনা তাপসী খানকেও। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন তিনি।
সমবেত কণ্ঠে নজরুলের প্রার্থনামূলক গান ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানের সঙ্গে নাচ করেন একদল শিল্পী। এঁরা সবাই সংগঠনটির শিল্পী-শিক্ষক ও শিক্ষার্থী। এ ছাড়া সমবেত ও একক কণ্ঠে গীত হয় রবীন্দ্রনাথ, নজরুলেরসহ কয়েকটি লোকগান। দুই কবির গানের সঙ্গে নাচও করেন সংগঠনের শিল্পীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘আমাদের দেশে আন্তরিকভাবে কাজ করে যাওয়া সংগঠনের সংখ্যা খুবই কম। মন্ত্রণালয় থেকে এ ধরনের সংগঠনের তালিকা প্রণয়নের চেষ্টা চলছে। আমাদের শিশুদের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে বলেই খুব কম বয়সে তারা অপরাধপ্রবণ হয়ে উঠছে। অভিভাবকদের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে গোল্ডেন এ-প্লাস পাওয়া। শিশুদের সাংস্কৃতিক শিক্ষা দেওয়ার ব্যাপারে তাঁরা উদাসীন।’ তিনি বলেন, কাইয়ুম চৌধুরীর একটি তেলচিত্রের দাম ৩০ লাখ টাকা, শিল্পী মমতাজ একটি অনুষ্ঠানে গাইতে নেন পাঁচ লাখ টাকা, সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর ক্রিকেটার। এঁরা কেউ গোল্ডেন এ-প্লাস পাননি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আক্তারী মমতাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য দেন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা খান।